Logo

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:১৪
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রকোপ আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১৮৪ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ৫৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

রবিবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু ড্যাশবোর্ডে প্রকাশিত তথ্য থেকে এসব জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন মারা যাওয়া ছয়জনের মধ্যে পাঁচজন পুরুষ ও একজন নারী। তাদের একজনের বয়স ১১ থেকে ১৫ বছরের মধ্যে। অন্যদের বয়স ২১ থেকে ৪৫ বছরের মধ্যে।

চলতি বছরে ডেঙ্গুতে মৃত ১৮৪ জনের মধ্যে নারীর সংখ্যা ৫০ দশমিক ৮ শতাংশ এবং পুরুষ ৪৯ দশমিক ২ শতাংশ।

বিজ্ঞাপন

মাসভিত্তিক হিসাবে, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মে মাসে একজন এবং জুনে ১৩ জন মারা যান। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যু হয়নি। এরপর জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩ জনের মৃত্যু হয়। চলতি সেপ্টেম্বরে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৮৭ জন। গত ৮ সেপ্টেম্বর একদিনেই সর্বোচ্চ নয়জনের মৃত্যু হয়।

অঞ্চলভিত্তিক হিসাবে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন হাসপাতালে ৫৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন হাসপাতালে ২৩ জন এবং সিটি করপোরেশনের বাইরের এলাকায় ১১ জন মারা গেছেন। এছাড়া খুলনায় ৩৪, ময়মনসিংহ ও চট্টগ্রামে ১৮ জন করে, বরিশালে ১৪, রাজশাহীতে আট, রংপুরে চার এবং সিলেটে একজনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে, সেপ্টেম্বর মাসে এখন পর্যন্ত ২৬ হাজার ১২৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আগস্টে এই সংখ্যা ছিল ২০ হাজার ৫৩৬ জন। এর আগে জানুয়ারিতে ১ হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪, জুনে ২ হাজার ৯০৭ এবং জুলাইয়ে ৯ হাজার ২০৬ জন হাসপাতালে ভর্তি হন।

বিজ্ঞাপন

চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৯৭২ জন। তাদের মধ্যে ৫৭ হাজার ৬১০ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD