Logo

সীমিত সম্পদ কাজে লাগিয়ে গবেষণায় আইইডিসিআর দৃষ্টান্ত

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৪৫
সীমিত সম্পদ কাজে লাগিয়ে গবেষণায় আইইডিসিআর দৃষ্টান্ত
ছবি: সংগৃহীত

দেশের সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে জাতীয় প্রতিষ্ঠানের সক্ষমতা ও উৎপাদনশীলতা বাড়ানোর ক্ষেত্রে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) দৃষ্টান্ত স্থাপন করতে পারে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

বিজ্ঞাপন

রবিবার (২০ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মহাখালীতে আইইডিসিআর অডিটোরিয়ামে ‘বাংলাদেশ এফইটিপি কনফারেন্স ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘মাঠপর্যায়ের রোগতত্ত্ব চর্চা জোরদারকরণ’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে আইইডিসিআর ও ফিল্ড এপিডেমিওলজি ট্রেনিং প্রোগ্রাম, বাংলাদেশ (এফইটিপি,বি)। এতে সহযোগিতা করছে সেফটিনেট, এমফনেট, ইউনিসেফ ও ইউএস সিডিসি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, জাতীয় প্রতিষ্ঠান হিসেবে আইইডিসিআর দীর্ঘদিন ধরে দেশের এপিডেমিওলজিক্যাল জনবলের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে ফিল্ড এপিডেমিওলজি ট্রেনিং প্রোগ্রামটি সফলভাবে পরিচালিত হচ্ছে। এ কর্মসূচির স্নাতকেরা দেশ-বিদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে কাজ করছেন এবং জনস্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখছেন।

তরুণ গবেষক, শিক্ষক ও বিশেষজ্ঞদের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে ড. মুহিত বলেন, দক্ষ জনশক্তি তৈরির বিষয়ে সম্প্রতি জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) সভায় আলোচনা হয়েছে। দেশে একাধিক ভালো প্রশিক্ষণ প্রতিষ্ঠান থাকলেও সমন্বয় ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতির কারণে সীমিত সম্পদের পূর্ণ ব্যবহার অনেক ক্ষেত্রে সম্ভব হচ্ছে না। আইইডিসিআর এ ক্ষেত্রে একটি কার্যকর মডেল হতে পারে।

বিজ্ঞাপন

সম্মেলনে প্রদর্শিত বিভিন্ন বৈজ্ঞানিক পোস্টার ও গবেষণাপত্রের প্রশংসা করে তিনি বলেন, উপস্থাপিত গবেষণাগুলো আন্তর্জাতিক মানের। বিশেষ করে বাংলাদেশের বাস্তব সমস্যা ও বৃহৎ জনগোষ্ঠীর স্বাস্থ্যঝুঁকিকে কেন্দ্র করে এসব গবেষণা পরিচালিত হওয়াকে তিনি ইতিবাচক দিক হিসেবে উল্লেখ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সম্মেলনে অংশ নেওয়া তরুণ গবেষক ও বিজ্ঞানীদের উদ্দেশে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, এই আয়োজনের মাধ্যমে অর্জিত জ্ঞান ও পারস্পরিক সহযোগিতা দেশে জনস্বাস্থ্য বিষয়ে আরও সময়োপযোগী ও কার্যকর গবেষণার সুযোগ তৈরি করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইডিসিআরের পরিচালক ড. কাজী আহমেদ জাকি এবং সায়েন্টিফিক কমিটির চেয়ারম্যান ড. এস এম বাকী বিল্লাহ। এ ছাড়া বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে বক্তব্য দেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD