Logo

দেশে হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ নভেম্বর, ২০২৬, ১৫:৩৯
দেশে হামের উপসর্গে আরও ছয়জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে হামের প্রাদুর্ভাব অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (৩ নভেম্বর সকাল ৮টা থেকে ৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত) হাম ও এর উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩২৫ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে ৪ নভেম্বর পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৪ হাজার ১৪৮ জনে। এর মধ্যে পরীক্ষাগারে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ১৫০ জনের। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হাম-সংশ্লিষ্ট উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম আক্রান্ত অবস্থায় মারা গেছেন ১০৫ জন।

বিজ্ঞাপন

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ছয়জনের মধ্যে চারজন ঢাকা বিভাগের, একজন সিলেটের এবং একজন খুলনা বিভাগের বাসিন্দা। এর মধ্যে ঢাকা জেলাতেই চারজনের মৃত্যুর তথ্য নিবন্ধিত হয়েছে।

একই সময়ে সবচেয়ে বেশি ৫২০ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন ঢাকা বিভাগে। অন্যান্য বিভাগের মধ্যে চট্টগ্রামে ২৩১, বরিশালে ১৫৮, সিলেটে ১৪৪, খুলনায় ৯৭ এবং ময়মনসিংহে ৯১ জন শনাক্ত হয়েছেন। রাজশাহী ও রংপুর বিভাগে ৪২ জন করে নতুন সন্দেহজনক রোগী পাওয়া গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগী হিসেবে মোট ২ লাখ ৮ হাজার ৬৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ জন।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২০৬ জন। একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ১৪২ জন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD