দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত, একদিনে আরও ৬ জনের মৃত্যু

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৮৬৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞাপন
বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৪ নভেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৪২ হাজার ৭৭৫ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩৬ হাজার ৩৯৪ জন। বর্তমানে সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৯৩৬ জন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪৫ জনে।
বিজ্ঞাপন
বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি নতুন রোগী শনাক্ত ও হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ সময়ে এ বিভাগে ৮৬৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মারা গেছেন চারজন। সব মিলিয়ে ঢাকা বিভাগে আক্রান্তের সংখ্যা ৫৮ হাজার ২৮৪ জন এবং মৃত্যুর সংখ্যা ২১২।
খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় ২১৫ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মারা গেছেন দুজন। এ নিয়ে বিভাগটিতে মোট আক্রান্তের সংখ্যা ২১ হাজার ৪৪৭ এবং মৃত্যু হয়েছে ৮২ জনের।
চট্টগ্রাম বিভাগে গত ২৪ ঘণ্টায় ২৫৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ বিভাগে চলতি বছর মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৮৮৬ জন এবং মারা গেছেন ৪৩ জন।
বিজ্ঞাপন
রাজশাহী বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে কারও মৃত্যু হয়নি। বিভাগটিতে মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৫২ এবং মৃতের সংখ্যা ২৯।
রংপুর বিভাগে গত ২৪ ঘণ্টায় ৭১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বিভাগে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৮০ জন এবং মারা গেছেন আটজন।
বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২০৬ জন। এ নিয়ে বিভাগটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭১২। এ পর্যন্ত মারা গেছেন ৩০ জন।
বিজ্ঞাপন
অন্যদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ বিভাগে চলতি বছর মোট আক্রান্তের সংখ্যা ৯১২ এবং মৃত্যু হয়েছে চারজনের।








