Logo

অক্টোবরে ৯ দিনেই ডেঙ্গুতে প্রাণ গেল ৫০ জনের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ অক্টোবর, ২০২৬, ১৯:৩২
অক্টোবরে ৯ দিনেই ডেঙ্গুতে প্রাণ গেল ৫০ জনের
ফাইল ছবি।

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। চলতি অক্টোবরের প্রথম ৯ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৯৫ জনে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩০০ রোগী।

বিজ্ঞাপন

শুক্রবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ড থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ মারা যাওয়া শিশুটি ছেলে। তার বয়স শূন্য থেকে পাঁচ বছরের মধ্যে।

চলতি বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ২৯৫ জনের মধ্যে নারী ৫১ দশমিক ৯ শতাংশ এবং পুরুষ ৪৮ দশমিক ১ শতাংশ।

বিজ্ঞাপন

মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মার্চ ও এপ্রিলে কেউ মারা যাননি। মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। এরপর জুলাইয়ে ৩৬ ও আগস্টে ৪৩ জন মারা যান। সেপ্টেম্বরে পরিস্থিতির আরও অবনতি ঘটে; ওই মাসে প্রাণ হারান ১৪৮ জন। আর অক্টোবরের প্রথম ৯ দিনেই মারা গেছেন ৫০ জন। এক দিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয় ৬ অক্টোবর।

বিভাগ ও এলাকাভিত্তিক হিসাবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ৮০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ৩৫ জন এবং দুই সিটি করপোরেশনের বাইরের এলাকায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনায় ৬০ জন, চট্টগ্রাম ও বরিশালে ২৫ জন করে, ময়মনসিংহে ২৩ জন, রাজশাহীতে ২১ জন, রংপুরে ছয়জন এবং সিলেটে তিনজন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবরের প্রথম ৯ দিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৮৩১ জন। এর আগে সেপ্টেম্বরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৪৩ হাজার ৭৭৪ জন।

বিজ্ঞাপন

চলতি বছরের অন্যান্য মাসের হিসাবে জানুয়ারিতে ১ হাজার ৮১ জন, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪, জুনে ২ হাজার ৯০৭, জুলাইয়ে ৯ হাজার ২০৬ এবং আগস্টে ২০ হাজার ৫৩৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন।

সব মিলিয়ে এ বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ হাজার ৪৫১ জনে। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৮৯ হাজার ৩৮০ জন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD