দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু

দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৯৩ জন, যা চলতি বছরের মধ্যে এক দিনে সর্বোচ্চ। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৩ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা প্রায় এক লাখে পৌঁছেছে।
বিজ্ঞাপন
রবিবার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, অক্টোবরের প্রথম ১০ দিনেই ডেঙ্গুতে ৫৮ জনের মৃত্যু হয়েছে। এর আগে সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন মারা যান। এ ছাড়া আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২ হাজার ১৯৩ জন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৯৯ হাজার ২৭৫ জনে।
বিজ্ঞাপন
একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ হাজার ৭৯৬ জন। এ পর্যন্ত মোট ৯২ হাজার ৪০৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ঢাকা বিভাগে সর্বোচ্চ রোগী ভর্তি
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ১ হাজার ৩০ জন। বিভাগভিত্তিক হিসাবে চট্টগ্রামে ২৯৩ জন, খুলনায় ৩০৪ জন, বরিশালে ২৩৬ জন, রাজশাহীতে ১৬০ জন, ময়মনসিংহে ৭০ জন এবং রংপুরে ৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞাপন
এক দিনে রেকর্ডসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যুর সংখ্যা ৩০০ ছাড়িয়ে যাওয়ায় দেশে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।







