ডেঙ্গুতে আক্রান্ত এক লাখ ছাড়াল, ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৩০৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে অক্টোবরের প্রথম ১১ দিনে মারা গেছেন ৬২ জন। এ ছাড়া সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি—প্রতিটি মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
বুলেটিনে বলা হয়েছে, রোববার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ হাজার ১৬৭ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১ হাজার ৪৪২ জনে।
বিজ্ঞাপন
এদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৪২৮ জন। এ পর্যন্ত মোট ৯৫ হাজার ৩৩১ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বিভাগভিত্তিক হিসাবে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৮৭১ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনায় ২৯৮ জন, চট্টগ্রামে ২৮৭ জন, রাজশাহীতে ২৫৩ জন, বরিশালে ২৪৩ জন, ময়মনসিংহে ১০২ জন এবং রংপুরে ৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।








