Logo

ডেঙ্গুতে একদিনে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর, ২০২৬, ১৭:৪৪
ডেঙ্গুতে একদিনে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০
ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ রোগে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন করে ১ হাজার ৯২০ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২১ জনে। আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ৫ হাজার ৩১৬ জন।

বিজ্ঞাপন

বুধবার (১৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু-সংক্রান্ত ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুজন নারী। তাদের মধ্যে একজনের বয়স পাঁচ বছরের কম। বাকি চারজন প্রাপ্তবয়স্ক।

চলতি বছর ডেঙ্গুতে মোট ৩২১ জনের মৃত্যুর তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মৃতদের মধ্যে নারীর সংখ্যা ৫০ দশমিক ৯ শতাংশ এবং পুরুষের সংখ্যা ৪৯ দশমিক ১ শতাংশ।

বিজ্ঞাপন

চলতি বছরের প্রথম দুই মাস জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে মারা যান। মার্চ ও এপ্রিলে এ রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মে মাসে একজন এবং জুনে ১৩ জনের মৃত্যু হয়। এরপর থেকে পরিস্থিতির অবনতি হতে থাকে।

জুলাইয়ে ডেঙ্গুতে প্রাণ হারান ৩৬ জন। আগস্টে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪৩ জনে। সেপ্টেম্বরে পরিস্থিতি আরও অবনতির দিকে যায়। ওই মাসে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়। চলতি অক্টোবরের প্রথম ১৪ দিনে প্রাণ হারিয়েছেন ৭৬ জন। এ মাসে এক দিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয় গত ৬ অক্টোবর।

ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ৮৮, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ৩৮ ও সিটি করপোরেশনের বাইরে ১৭ জন প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে খুলনায় ৬৫, চট্টগ্রামে ৩০, বরিশালে ২৬, ময়মনসিংহে ২৫, রাজশাহীতে ২৩, রংপুরে ছয় ও সিলেটে তিনজন মারা গেছেন।

বিজ্ঞাপন

রোগীর মাসভিত্তিক হিসাবমতে, অক্টোবরে এখন পর্যন্ত ২৫ হাজার ৬৯৬ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের মাস সেপ্টেম্বরে এই সংখ্যা ছিল ৪৩ হাজার ৭৭৪ জন।

এর আগে জানুয়ারিতে এক হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪, জুনে দুই হাজার ৯০৭, জুলাইয়ে নয় হাজার ২০৬ ও আগস্টে ২০ হাজার ৫৩৬ জন হাসপাতালে আসেন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৯ হাজার ২০১ জন।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD