চোখ রাঙাচ্ছে করোনা, চীনসহ ১৮ দেশে ছড়িয়েছে নতুন ভ্যারিয়েন্ট

বিশ্বজুড়ে আবারও আলোচনায় এসেছে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট পিজে.২.১। কানাডায় প্রথম শনাক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র, চীন, স্পেনসহ বিশ্বের অন্তত ১৮টি দেশে এর উপস্থিতি পাওয়া গেছে। নতুন এই ধরন নিয়ে বিভিন্ন দেশে নজরদারি বাড়ানো হয়েছে। তবে এখন পর্যন্ত এটি আগের ভ্যারিয়েন্টগুলোর তুলনায় বেশি গুরুতর অসুস্থতা কিংবা মৃত্যুঝুঁকি তৈরি করে, এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইতোমধ্যে পিজে.২.১-কে ‘পর্যবেক্ষণাধীন ভ্যারিয়েন্ট’ হিসেবে তালিকাভুক্ত করেছে। বিভিন্ন দেশে এর জিনগত বৈশিষ্ট্য শনাক্ত হওয়া এবং বিস্তারের বিষয়টি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিকিৎসাবিষয়ক সাময়িকী জার্নাল অব ইনফেকশন-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২ মে কানাডার অন্টারিওতে প্রথম শনাক্ত হয় পিজে.২.১। এটি করোনাভাইরাসের ওমিক্রন ধরনের জেএন.১ ভ্যারিয়েন্টের বংশধর। গবেষণায় নতুন এই ধরনটির স্পাইক প্রোটিনে সর্বোচ্চ ২৪টি অ্যামিনো অ্যাসিডের পরিবর্তন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা।
কানাডায় শনাক্ত হওয়ার পর দ্রুত বিভিন্ন অঞ্চলে এর উপস্থিতি পাওয়া যায়। যুক্তরাষ্ট্রে গত ৩০ জুন নিউইয়র্কে প্রথম শনাক্ত হয় পিজে.২.১। পরে ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা, নিউ জার্সি, ভার্জিনিয়া, নর্থ ক্যারোলাইনা, মিসৌরি, ওকলাহোমা, কলোরাডো ও ফ্লোরিডাসহ একাধিক অঙ্গরাজ্যে এর অস্তিত্ব পাওয়া যায়।
এশিয়া ও ইউরোপের কয়েকটি দেশেও ছড়িয়ে পড়েছে ভ্যারিয়েন্টটি। সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইসরায়েল, ফ্রান্স ও স্পেনে এর উপস্থিতি শনাক্ত হয়েছে। স্পেনের কাতালুনিয়া, বাস্ক অঞ্চল ও মাদ্রিদে স্থানীয় পর্যায়ে সংক্রমণ ছড়ানোর প্রমাণ পেয়েছেন গবেষকেরা।
ডব্লিউএইচওর প্রতিবেদনে হংকংয়ের বর্জ্য পানির নমুনায় পিজে.২.১ শনাক্ত হওয়ার তথ্যও উঠে এসেছে। অন্যদিকে, চীনের দুই কর্মকর্তার দাবি, গত আগস্ট থেকে দেশটির বিভিন্ন অঞ্চলে নতুন এই ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া যাচ্ছে।
তাদের দেওয়া তথ্য অনুযায়ী, হেবেই, শানসি, জিলিন ও লিয়াওনিং প্রদেশে ভ্যারিয়েন্টটির উপস্থিতি তুলনামূলক বেশি। এসব এলাকায় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যাও বাড়ছে বলে দাবি করা হয়েছে।
গবেষকদের নজর কেড়েছে পিজে.২.১-এর স্পাইক প্রোটিনে উল্লেখযোগ্যসংখ্যক জিনগত পরিবর্তন। করোনাভাইরাসের এই প্রোটিন মানবকোষের এসিই২ রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়ে শরীরে প্রবেশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রাথমিক গবেষণায় দেখা গেছে, নতুন ভ্যারিয়েন্টটি এসিই২ রিসেপ্টরের সঙ্গে তুলনামূলক শক্তভাবে যুক্ত হতে পারে। এমনকি যেসব কোষে এই রিসেপ্টরের উপস্থিতি কম, সেখানেও সংক্রমণ ঘটানোর সক্ষমতা থাকতে পারে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।
তবে গবেষকদের সতর্কতা হলো, কোষের সঙ্গে ভাইরাসের শক্তিশালী সংযুক্তি মানেই মানুষের মধ্যে দ্রুত সংক্রমণ ছড়ানোর নিশ্চয়তা নয়। ব্যক্তি থেকে ব্যক্তিতে এর সংক্রমণক্ষমতা সম্পর্কে নিশ্চিত হতে আরও গবেষণা প্রয়োজন বলে জানিয়েছে ডব্লিউএইচও।
নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকা কতটা কার্যকর?
পিজে.২.১ আগের সংক্রমণ কিংবা টিকার মাধ্যমে শরীরে তৈরি হওয়া রোগ প্রতিরোধক্ষমতাকে কতটা এড়িয়ে যেতে পারে, তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে আগ্রহ রয়েছে।
প্রাথমিক গবেষণার ফল বলছে, প্রচলিত অন্যান্য ভ্যারিয়েন্টের তুলনায় নতুন এই ধরনটি বিদ্যমান টিকার মাধ্যমে তৈরি অ্যান্টিবডি উল্লেখযোগ্যভাবে এড়িয়ে যেতে পারে না। ফলে টিকার কার্যকারিতা নিয়ে এখনই বড় ধরনের উদ্বেগের কারণ দেখছেন না গবেষকেরা।
এ ছাড়া পিজে.২.১ সংক্রমণে রোগের তীব্রতা কিংবা মৃত্যুঝুঁকি বেড়ে যাওয়ার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে এ-সংক্রান্ত ক্লিনিক্যাল তথ্য সীমিত। তাই ভ্যারিয়েন্টটির প্রকৃত প্রভাব সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে আরও তথ্য প্রয়োজন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
ভারতের কেরালার অ্যাপোলো অ্যাডলাক্স হাসপাতালের জ্যেষ্ঠ কনসালট্যান্ট চিকিৎসক গোপাকুমারের মতে, ভাইরাসের বিপজ্জনক মাত্রা নির্ধারণে শুধু মিউটেশনের সংখ্যা বিবেচনা করা যথেষ্ট নয়। এসব পরিবর্তনের ফলে ভাইরাসের সংক্রমণক্ষমতা কতটা বাড়ছে এবং মানুষের রোগ প্রতিরোধব্যবস্থাকে ফাঁকি দেওয়ার সক্ষমতা তৈরি হচ্ছে কি না, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।
একই বিষয়ে সতর্ক করেছেন নয়াদিল্লির ধর্মশীলা নারায়ণ হাসপাতালের জ্যেষ্ঠ কনসালট্যান্ট চিকিৎসক নবনীত সুদ। তাঁর মতে, নতুন ভ্যারিয়েন্টের কারণে রোগের তীব্রতা বেড়েছে, এমন কোনো প্রমাণ এখনো নেই। তবে ভাইরাসের গতিপ্রকৃতি ও জিনগত পরিবর্তন সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে নিয়মিত জিনোমিক নজরদারি অব্যাহত রাখা জরুরি।
সব মিলিয়ে, করোনার নতুন ভ্যারিয়েন্ট পিজে.২.১-এর বিস্তার আন্তর্জাতিক পর্যায়ে নজরদারি বাড়ানোর বিষয়টি সামনে এনেছে। তবে এখনই আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতির প্রমাণ নেই। সংক্রমণক্ষমতা, রোগের তীব্রতা এবং বিদ্যমান টিকার কার্যকারিতা সম্পর্কে আরও গবেষণার ফলের ওপরই নির্ভর করবে নতুন এই ভ্যারিয়েন্টের প্রকৃত ঝুঁকি।
সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।








