Logo

দেশে হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

জনবাণী ডেস্ক
জনবাণী ডেস্ক
২৬ নভেম্বর, ২০২৬, ১৬:১৮
দেশে হাম ও উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হাম নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল পর্যন্ত নিশ্চিত হামে ১০৬ জন এবং সন্দেহজনক হাম নিয়ে ১ হাজার ২৬৫ জনের প্রাণহানি হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত দেশের হাম পরিস্থিতির চিত্র তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ১০২ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি সন্দেহজনক হামরোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১ হাজার ৭ জন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২১ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯৮১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের ১৫ মার্চ থেকে ২৬ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত হিসাব অনুযায়ী, দেশে নিশ্চিত হাম শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৬ হাজার ৪৭৬ জনে। একই সময়ে সন্দেহজনক রোগীর সংখ্যা ২ লাখ ৬১ হাজার ৫৩৫ জন।

এই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৩৪ হাজার ২৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৫ হাজার ২৬৮ জন।

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক সন্দেহজনক হামরোগী শনাক্তের হিসাবে সবচেয়ে এগিয়ে রয়েছে ঢাকা। এ বিভাগে নতুন করে ৩৩২ জনের শরীরে রোগটির উপসর্গ পাওয়া গেছে। চট্টগ্রামে শনাক্ত হয়েছেন ২৪৫ জন।

এ ছাড়া সিলেটে ১৬৩ জন, খুলনায় ১০২ জন, বরিশালে ৭৫ জন, ময়মনসিংহে ৫৬ জন, রংপুরে ২৩ জন এবং রাজশাহী বিভাগে ১১ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন।

অন্যদিকে, নিশ্চিত হাম শনাক্তের হিসাবে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৭ জন, সিলেটে ৪০ জন, খুলনায় ১০ জন এবং রংপুরে পাঁচজন রোগী শনাক্ত হয়েছেন।

১৫ মার্চ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে। এ বিভাগে মোট শনাক্ত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৬১৫ জন।

বিভাগভিত্তিক সন্দেহজনক রোগীর পরিসংখ্যান হলো—

ঢাকা: ১ লাখ ৮ হাজার ৬১৫ জন, চট্টগ্রাম: ৫১ হাজার ৮২৪ জন, বরিশাল: ২৭ হাজার ৭৫৮ জন, সিলেট: ২৩ হাজার ৮৫৮ জন, খুলনা: ১৮ হাজার ১৯ জন, ময়মনসিংহ: ১৩ হাজার ৯৭১ জন, রাজশাহী: ১২ হাজার ৩৯৮ জন, রংপুর: ৫ হাজার ৯২ জন।

নিশ্চিত হাম শনাক্তের ক্ষেত্রেও শীর্ষে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে মোট আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ৩৮২ জন। দ্বিতীয় অবস্থানে থাকা চট্টগ্রামে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৩ হাজার ৮৬১ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিসংখ্যানে দেশের বিভিন্ন অঞ্চলে হাম ও সন্দেহজনক হাম সংক্রমণের বিস্তৃতি এবং হাসপাতালে রোগীর চাপের চিত্র উঠে এসেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD