খুলেছে রাফাহ ক্রসিং, মিশরে প্রবেশ করছেন ফিলিস্তিনিরা

প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর সীমিত আকারে পুনরায় খোলা হয়েছে রাফাহ ক্রসিং। সোমবার প্রথম দিনে গাজা থেকে মিশরে প্রবেশ করেছেন কয়েক ডজন ফিলিস্তিনি, যাদের মধ্যে রয়েছেন আহত রোগী ও তাদের সঙ্গী। খবর এএফপি।
বিজ্ঞাপন
সীমান্ত সূত্র জানায়, প্রথম দিনে পাঁচজন আহত ফিলিস্তিনি এবং তাদের সাতজন সঙ্গী মিশরে প্রবেশ করেছেন। মিশরীয় সীমান্তের তিন কর্মকর্তা জানিয়েছেন, সোমবার ক্রসিংয়ে প্রবেশের অনুমতি পাওয়া রোগীর সংখ্যা সীমিত ছিল মাত্র ৫০। প্রত্যেকের সঙ্গে দুজন করে সঙ্গী ছিলেন।
মিশরের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রথম দিনে গাজা থেকে অন্তত ৫০ জন ফিলিস্তিনি বের হওয়ার কথা ছিল এবং একই সংখ্যক মানুষ গাজায় প্রবেশ করবে। সোমবার আল-কাহেরা নিউজ জানিয়েছে, এরই মধ্যে ফিলিস্তিনিদের একটি দল রাফাহ ক্রসিংয়ে পৌঁছেছে।
বিজ্ঞাপন
এর আগে, রোববার (১ ফেব্রুয়ারি) পরীক্ষামূলকভাবে ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশে কার্যক্রম শুরু হয়। ইসরায়েলের বিধিনিষেধের কারণে প্রায় ১৮ মাস ধরে ক্রসিংটি পুরোপুরি বন্ধ ছিল।
ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, এ দফায় প্রায় ৫০ জন ফিলিস্তিনি গাজায় প্রবেশ করবেন। চিকিৎসার জন্য আরও ১৫০ জন রোগী ও তাদের সঙ্গীরা গাজা ছেড়ে মিশরে যাত্রা করবেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ক্রসিং পুরোপুরি চালু হলে সেখানে প্রায় ২২ হাজার রোগী সীমান্ত অতিক্রম করবে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর ২০২৪ সালের মে মাস থেকে রাফাহ ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশে নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল। এরপর থেকে গুরুত্বপূর্ণ এই সীমান্তপথ কার্যত বন্ধ হয়ে পড়ে।








