ভারতের পণ্যে শুল্ক কমিয়ে ১৮% করলেন ট্রাম্প, মোদির কৃতজ্ঞতা

ভারতীয় পণ্যের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের বাণিজ্যশুল্ক ৫০ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ নির্ধারণ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে নিজেই এ সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প।
বিজ্ঞাপন
২ ফেব্রুয়ারি দেওয়া ওই বার্তায় ট্রাম্প জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার টেলিফোনে কথা হয়েছে। সে সময় মোদি রাশিয়া থেকে তেল আমদানি বন্ধে আগ্রহ প্রকাশ করেছেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি বাণিজ্যচুক্তি করতে প্রস্তুতির কথাও জানিয়েছেন।
ট্রাম্প লেখেন, মোদির সঙ্গে তার ব্যক্তিগত বন্ধুত্ব ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে তিনি শুল্ক কমানোর অনুরোধে সম্মতি দিয়েছেন। তার ভাষ্য অনুযায়ী, শিগগিরই মার্কিন বাজারে ভারতীয় পণ্যের ওপর নতুন করে ১৮ শতাংশ শুল্ক কার্যকর হবে।
বিজ্ঞাপন
এর আগে ট্রাম্প প্রশাসন দায়িত্ব নেওয়ার পর ধাপে ধাপে ভারতের ওপর শুল্ক বাড়ানো হয়। প্রথমে ১৫ শতাংশ থেকে ২০ শতাংশে উন্নীত করা হয়। পরে রাশিয়া থেকে স্বল্পমূল্যে জ্বালানি তেল আমদানির অভিযোগে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হলে মোট শুল্কের হার দাঁড়ায় ৫০ শতাংশে। এতে মার্কিন বাজারে ভারতীয় পণ্যের প্রতিযোগিতা মারাত্মকভাবে কমে যায় এবং ভারত বিকল্প বাজার খোঁজার উদ্যোগ নেয়।
এই প্রেক্ষাপটে সাম্প্রতিক সিদ্ধান্তকে দুই দেশের বাণিজ্য সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: ভোরে ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর
বিজ্ঞাপন
এদিকে ট্রাম্পের ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তাকে ধন্যবাদ জানান। তিনি লেখেন, ট্রাম্পের সঙ্গে কথা বলে তিনি আনন্দিত এবং শুল্ক কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানান। মোদির মতে, এই পদক্ষেপ দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
সূত্র: বিবিসি








