ইস্তানবুলে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান

মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও সম্ভাব্য সংঘাতের ঝুঁকি অতিক্রম করে আগামী ৬ ফেব্রুয়ারি তুরস্কের ইস্তানবুলে বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ও ইরান। দুই দেশের সরকারি প্রতিনিধিদল পরমাণু কর্মসূচি ও কূটনৈতিক ইস্যু নিয়ে আলোচনায় অংশ নেবে।
বিজ্ঞাপন
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মিসর, কাতার, তুরস্ক ও ওমানের মধ্যস্থতায় সম্ভব হচ্ছে এই বৈঠক। মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ, আর ইরানি দলকে নেতৃত্ব দেবেন পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি।
বৈঠকে সৌদি আরব, মিসর, তুরস্কসহ অন্যান্য মধ্যস্থতাকারী দেশের কর্মকর্তারা উপস্থিত থাকবেন। আলোচনার মূল বিষয়বস্তু হবে ইরানের পরমাণু কর্মসূচি।
বিজ্ঞাপন
ইরানের পরমাণু বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে দীর্ঘ দুই যুগ ধরে তিক্ততা বিরাজ করছে। গত বছর জুনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতও ঘটে, যা ১২ দিনের যুদ্ধবিরতির মাধ্যমে সাময়িক সমাধান হয়। তবে যুদ্ধবিরতি সত্ত্বেও দ্বিপাক্ষিক তিক্ততা এখনও বজায় রয়েছে।
গত ১ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প আশা প্রকাশ করেন, “ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তি সম্ভব।” একই দিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি বলেন, “মধ্যস্থতাকারী দেশগুলোর প্রচেষ্টায় আমরা আবার আলোচনা শুরু করতে পারি, যদি যুক্তরাষ্ট্র একটি সুষ্ঠু ও ন্যায়সঙ্গত প্রস্তাব নিয়ে আসে।”








