Logo

নাইজেরিয়ার দুই গ্রামে সশস্ত্র হামলা: নিহত ১৬০, রাজা নিখোঁজ

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১৫:১০
নাইজেরিয়ার দুই গ্রামে সশস্ত্র হামলা: নিহত ১৬০, রাজা নিখোঁজ
ছবি: সংগৃহীত

পশ্চিম নাইজেরিয়ার কোয়ারা রাজ্যের দুটি গ্রামে বন্দুকধারী সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত ১৬০ জন নিহত হয়েছেন। এটি চলতি বছরে দেশটিতে ঘটেছে সবচেয়ে প্রাণঘাতী সশস্ত্র হামলা হিসেবে ধরা হচ্ছে।

বিজ্ঞাপন

স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ ওমর বিও বুধবার (৪ ফেব্রুয়ারি) জানিয়েছেন, সোমবার (৩ ফেব্রুয়ারি) কোয়ারা রাজ্যের ওরো ও নুকু গ্রামে হামলায় নিহতের সংখ্যা বিকেল পর্যন্ত ১৬২ জনে পৌঁছেছে।

হামলার সঙ্গে জড়িতদের মধ্যে ইসলামিক স্টেট সম্পর্কিত সশস্ত্র গোষ্ঠী ‘লাকুরাওয়া’র সম্ভাবনা প্রকাশ করা হয়েছে। তবে এখনও কেউ আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি।

বিজ্ঞাপন

কাইয়ামা অঞ্চলের রাজনীতিক সাইদু বাবা আহমেদ জানান, হামলাকারীরা গ্রামবাসীকে একত্র করে হাত পেছনে বেঁধে নির্মমভাবে হত্যা করেছে। তাদের বাড়িঘর ও দোকানপাটে আগুন ধেয়ে দেয়। হামলার পর বহু আহত ব্যক্তি আশপাশের জঙ্গলে পালিয়ে গেছেন। এছাড়া গ্রামের ঐতিহ্যবাহী রাজা ও বেশ কয়েকজন এখনও নিখোঁজ রয়েছেন।

স্থানীয়দের বরাতে জানা গেছে, হামলাকারীরা গ্রামে প্রায়ই ধর্মীয় বক্তব্য প্রদান করত। তারা গ্রামবাসীদের কাছে নাইজেরিয়ান রাষ্ট্রের প্রতি আনুগত্য ত্যাগ করে শরিয়াহ আইন মেনে চলার দাবি জানাত। এই দাবি অগ্রাহ্য করলে মঙ্গলবারের ধর্মীয় সমাবেশ চলাকালে তারা গুলি চালায়।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, হামলায় ১৭০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন। বাড়িঘর ও দোকানপাট পুড়িয়ে দেওয়া এবং লুটপাটের ঘটনাও ঘটেছে। সংস্থাটি বলেছে, নিরাপত্তার ব্যর্থতা এই হামলা সম্ভব করার প্রধান কারণ। হামলাকারীরা পাঁচ মাস ধরে গ্রামবাসীর ওপর হুমকিমূলক চিঠি পাঠাচ্ছিল।

বিজ্ঞাপন

কোয়ারা রাজ্যের গভর্নর আবদুলরহমান আবদুলরাজাক এই হামলাকে ‘চলমান সন্ত্রাসবিরোধী অভিযানের চাপের মুখে সন্ত্রাসী গোষ্ঠীর হতাশা ও কাপুরুষোচিত বহিঃপ্রকাশ’ হিসেবে নিন্দা জানিয়েছেন।

কোয়ারা রাজ্যের সীমান্ত নাইজার রাজ্যের সঙ্গে লাগোয়া। সাম্প্রতিক সময়ে এখানে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে। নাইজেরিয়ার সেনাবাহিনী এই এলাকায় ‘সন্ত্রাসী গোষ্ঠীর’ বিরুদ্ধে অভিযান চালানোর কথা জানিয়েছে।

বিজ্ঞাপন

নাইজেরিয়া বর্তমানে একাধিক নিরাপত্তা সংকটে রয়েছে। দেশটিতে ইসলামিক স্টেট সংশ্লিষ্ট অন্তত দুটি সক্রিয় গোষ্ঠী রয়েছে। এর একটি হলো বোকো হারাম থেকে উদ্ভূত ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রদেশ, আর অন্যটি হলো লাকুরাওয়া, যা ইসলামিক স্টেট সাহেল প্রদেশ নামেও পরিচিত। সেনাবাহিনী জানিয়েছে, লাকুরাওয়ার শিকড় প্রতিবেশী নাইজারে এবং ২০২৩ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে সীমান্তবর্তী এলাকায় তাদের তৎপরতা বেড়েছে।

এদিকে একই দিনে উত্তর-পশ্চিমের কাটসিনা রাজ্যের ফাসকারি এলাকার ডোমা গ্রামে পৃথক হামলায় অন্তত ১৩ জন নিহত হয়েছেন। গত সপ্তাহে উত্তর-পূর্বাঞ্চলে আরও অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। সহিংসতা রোধে কোয়ারা রাজ্যের কিছু এলাকায় কারফিউ জারি করা হয় এবং কয়েক সপ্তাহ স্কুল বন্ধ রাখা হয়। তবে সোমবার স্কুলগুলো পুনরায় খোলার নির্দেশ দেওয়া হয়েছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD