Logo

গাজায় ‘যুদ্ধবিরতি’র মধ্যেই প্রাণহানি, ইসরায়েলি হামলায় নিহত ২৩

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৪০
গাজায় ‘যুদ্ধবিরতি’র মধ্যেই প্রাণহানি, ইসরায়েলি হামলায় নিহত ২৩
ছবি: সংগৃহীত

গাজা উপত্যকায় চলমান ‘যুদ্ধবিরতি’ কার্যকর থাকার কথা থাকলেও নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত ২৩ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী, গত অক্টোবর থেকে শুরু হওয়া এই বিরতির পর সাম্প্রতিক সময়ের মধ্যে এটি সবচেয়ে প্রাণঘাতী দিনগুলোর একটি। বুধবার (৪ ফেব্রুয়ারি) সংঘটিত হামলায় শিশুদেরও প্রাণহানি হয়েছে; নিহতদের মধ্যে ১১ বছর বয়সী এক মেয়েশিশু রয়েছে।

বিজ্ঞাপন

চিকিৎসা সূত্র জানায়, গাজা শহরের তুফাহ ও জেইতুন এলাকায় গোলাবর্ষণে কমপক্ষে ১৪ জন নিহত হন। দক্ষিণাঞ্চলের খান ইউনিসের কিজান আবু রাশওয়ান এলাকায় বাস্তুচ্যুতদের আশ্রয় নেওয়া তাবুতে হামলায় আরও চারজনের মৃত্যু হয়। উপকূলীয় আল-মাওয়াসি তাবু শিবিরে বিমান হামলায় নিহত হন দু’জন। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, নিহতদের একজন তাদের কর্মী হুসেইন হাসান হুসেইন আল-সুমাইরি।

গাজা শহরের কয়েকটি আবাসিক ভবনে পূর্ব সতর্কতা ছাড়াই সরাসরি হামলার অভিযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ঘোষিত বিরতি থাকলেও স্থানীয়দের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি হয়নি। সাম্প্রতিক সময়ে উপত্যকার বিভিন্ন এলাকায় ইসরায়েলি সামরিক তৎপরতা বৃদ্ধি পেয়েছে এবং আকাশে ড্রোনের উপস্থিতি আরও হামলার আশঙ্কা বাড়াচ্ছে।

বিজ্ঞাপন

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, উত্তর গাজায় তাদের সাঁজোয়া ইউনিট ও বিমান অভিযান চালানো হয়েছে, কারণ নিয়মিত অভিযানের সময় তাদের এক রিজার্ভ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। ঘটনাটি তাদের নিয়ন্ত্রণাধীন এলাকার সীমা নির্দেশক তথাকথিত ‘হলুদ রেখা’র কাছে ঘটেছে বলে দাবি করা হয়েছে। তবে স্থানীয় সূত্র বলছে, পূর্ব গাজায় ওই সীমারেখার অবস্থান পরিবর্তন করা হচ্ছে, যা বাসিন্দাদের উদ্বেগ বাড়াচ্ছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিরতি কার্যকর হওয়ার পর থেকেও ইসরায়েলি হামলায় ৫২০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই দিনে রেড ক্রসের মাধ্যমে ৫৪টি মরদেহ ও ৬৬ বাক্সে মানবদেহের অংশ গাজায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে। চিকিৎসকরা শনাক্তকরণের পর সেগুলো পরিবারের কাছে হস্তান্তর করবেন।

বিজ্ঞাপন

২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা অন্তত ৭১ হাজার ৮০৩ বলে উল্লেখ করা হয়েছে। বিভিন্ন মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের তদন্তে ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এ বিষয়ে নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা বিচারাধীন রয়েছে।

জেবি/জেএইচআর
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD