একে-৪৭ দিয়ে আন্দোলনে ছাত্রদের গুলি ছোড়ে পুলিশ, ভিডিও ভাইরাল

ভারতের বিহারে নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে গত ২৫ জুলাই ডাকা ‘বিহার বন্ধ’ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের গুলিবর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক পুলিশ সদস্যকে একে-৪৭ ধরনের রাইফেল হাতে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়তে দেখা যাওয়ার দাবি ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধী নেতা রাহুল গান্ধীসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব।
বিজ্ঞাপন
ভাইরাল হওয়া ভিডিওতে অভিষেক প্যাটেল নামের এক কনস্টেবলকে নীল হেলমেট ও বুলেটপ্রুফ জ্যাকেট পরে আন্দোলনরত শিক্ষার্থীদের দিকে এগিয়ে যেতে দেখা যায়। ভিডিওতে অন্তত এক রাউন্ড গুলির দৃশ্য দেখা গেলেও বিভিন্ন সূত্রের দাবি, তিনি চার থেকে পাঁচ রাউন্ড গুলি ছুড়েছিলেন।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর অভিযুক্ত পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে ভারতের সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন রাজ্যসভার সদস্য মনোজ কুমার ঝা।
সিওয়ানে গুলিবর্ষণের ঘটনায় আহত তিন বিক্ষোভকারীকে পাটনার জয়প্রভা মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
আহতদের মধ্যে ১৫ বছর বয়সী মো. আরিফ নামে এক কিশোরও রয়েছে। সে একটি দোকানে কাজ করত। পরিবারের দাবি, ‘বিহার বন্ধ’-এর দিন দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তার ঘাড়ে গুলি লাগে। পরে অস্ত্রোপচারের মাধ্যমে শরীর থেকে গুলি অপসারণ করা হয়।
এ ঘটনার পর বিহারসহ ভারতের বিভিন্ন স্থানে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিহারের বিরোধীদলীয় নেতা তেজস্বী যাদব দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এবং সামাজিক মাধ্যমে গুলিবর্ষণের ভিডিও শেয়ার করেছেন।
বিজ্ঞাপন
লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীও ঘটনার সমালোচনা করে বলেন, দিল্লিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেটগান এবং বিহারে একে-৪৭ ব্যবহারের অভিযোগ একই ধরনের দমন-পীড়নের ইঙ্গিত দেয়।
এদিকে ঘটনাটি তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি ও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি আগ্নেয়াস্ত্র ব্যবহারের ক্ষেত্রে পুলিশের নির্ধারিত নীতিমালা ও প্রটোকল অনুসরণ করা হয়েছিল কি না, সেটিও তদন্তে খতিয়ে দেখা হবে।
সূত্র: ইন্ডিয়া টুডে








