Logo

ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ বললেন, ‘এটা কেবলই শুরু’

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ জুলাই, ২০২৬, ১৯:১৪
ককরোচ জনতা পার্টির প্রধান অভিজিৎ বললেন, ‘এটা কেবলই শুরু’
ছবি: সংগৃহীত

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর নতুন বার্তা দিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রধান অভিজিৎ দিপকে। তিনি বলেছেন, আন্দোলনের একটি ধাপ শেষ হলেও তাদের লক্ষ্য এখনো পূরণ হয়নি। এটি কেবল শুরু, সামনে আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।

বিজ্ঞাপন

রবিবার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মেডিক্যাল ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দীর্ঘ কয়েক সপ্তাহের আন্দোলনের মুখে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। পাশাপাশি আন্দোলনকারীদের বেশ কয়েকটি দাবি সরকার মেনে নেওয়ায় আপাতত আন্দোলন স্থগিত করেছে ককরোচ জনতা পার্টি।

ভিডিও বার্তায় অভিজিৎ দিপকে বলেন, এখন অন্তত প্রতিদিন কী ঘটবে বা কী করতে হবে—এসব দুশ্চিন্তা ছাড়াই ঘুমাতে পারছেন। নিজের ঘরেই স্বস্তিতে ঘুম থেকে ওঠার সুযোগ মিলেছে। তবে আন্দোলনের টানা ৩৭ দিন ছিল অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি তার সমর্থকদের উদ্দেশে বলেন, এই অর্জনই শেষ নয়। ককরোচ জনতা পার্টির সামনে আরও অনেক পথ বাকি রয়েছে। তাই আন্দোলনের চেতনা ধরে রেখে ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি।

প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধান বিচারপতির একটি মন্তব্যের ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া হিসেবে গত মে মাসে অভিজিৎ দিপকে ককরোচ জনতা পার্টি গঠন করেন। অল্প সময়ের মধ্যেই দলটি দেশটির নতুন প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং বড় ধরনের ছাত্র-তরুণ আন্দোলনে রূপ নেয়।

বিজ্ঞাপন

হাজার হাজার সমর্থক রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে অবস্থান নিয়ে বিক্ষোভে অংশ নেন। আন্দোলনকারীরা নিট প্রশ্নপত্র ফাঁস এবং চাকরিপ্রার্থীদের আত্মহত্যার ঘটনার জন্য শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে দায়ী করে তার পদত্যাগের দাবি জানান। সরকারের বিলম্বে আরও বেশি মানুষ আন্দোলনে যোগ দেন।

অবশেষে শনিবার শিক্ষামন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ধর্মেন্দ্র প্রধান। একই সঙ্গে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হবে না বলে সরকার আশ্বাস দিলে সিজেপি তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেয়।

ভিডিও বার্তায় অভিজিৎ দিপকে বলেন, এই সাফল্যের পেছনের পথ মোটেও সহজ ছিল না। যাঁরা দীর্ঘ ৩৭ দিন যন্তর মন্তরে অবস্থান করে আন্দোলনকে সফল করেছেন, তাদের প্রত্যেকের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। টাইফয়েড ও জ্বরে আক্রান্ত থাকায় আগের দিন সবার সঙ্গে সরাসরি দেখা করতে না পারার জন্যও দুঃখ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, দেশের জন্য যাঁরা আন্দোলনে অংশ নিয়েছেন, তাঁদের অবদান তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশাপাশি যারা আন্দোলনের সমালোচনা করেছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান। তার ভাষায়, গঠনমূলক সমালোচনা ও বিভিন্ন প্রশ্নই তাদের ভুল-ত্রুটি সংশোধন করতে সাহায্য করেছে এবং কাঙ্ক্ষিত ফল অর্জনে ভূমিকা রেখেছে।

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD