Logo

সৌদি আরবের তেল স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৭ জুলাই, ২০২৬, ২১:৩১
সৌদি আরবের তেল স্থাপনায় ভয়াবহ হামলা চালিয়েছে হুথি বিদ্রোহীরা
ছবি: সংগৃহীত

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের পূর্বাঞ্চলের একাধিক তেল স্থাপনাকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে। তাদের ভাষ্য, ইয়েমেনের আকাশসীমায় সৌদি ড্রোন হামলার প্রতিক্রিয়ায় এই অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (২৭ জুলাই) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের পূর্বাঞ্চল থেকে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র ইয়ানবুর সঙ্গে সংযুক্ত অপরিশোধিত তেল পরিবহন ও সরবরাহ অবকাঠামোর বিভিন্ন সংবেদনশীল স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে হুথি গোষ্ঠী।

তবে হামলার বিষয়ে সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকো তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেন, ইয়েমেনের আকাশসীমায় সৌদি ড্রোনের অনুপ্রবেশের জবাব হিসেবেই এই সামরিক অভিযান চালানো হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

গত ফেব্রুয়ারিতে ইরান-ইসরায়েল সংঘাত শুরুর পর পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে জাহাজে সম্ভাব্য হামলার ঝুঁকি এড়াতে বিভিন্ন পদক্ষেপ নেয় সৌদি আরব। এর অংশ হিসেবে দেশটি পূর্বাঞ্চল থেকে অপরিশোধিত তেল পূর্ব-পশ্চিম পাইপলাইনের মাধ্যমে ইয়ানবু বন্দরের দিকে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেয়।

এর আগে গত সপ্তাহে হুথি গোষ্ঠী লোহিত সাগরে সৌদি আরবের তেল শিল্পের ওপর অবরোধ আরোপের ঘোষণা দেয়। বিশ্লেষকদের মতে, এ ধরনের পদক্ষেপ বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন অস্থিরতা তৈরি করতে পারে এবং আন্তর্জাতিক তেল সরবরাহেও বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে, এই পরিস্থিতির জবাবে ইয়েমেনের হুদাইদাহ বন্দরে হুথিদের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। পাশাপাশি লোহিত সাগরে আন্তর্জাতিক নৌপথ ও জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতিও দিয়েছে দেশটি।

সূত্র: রয়টার্স

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD