আরব সাগরে ইরানি ড্রোন ধ্বংস করল যুক্তরাষ্ট্র

আরব সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কনের দিকে ধেয়ে আসা একটি ইরানি ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। ঘটনাটি গতকাল মঙ্গলবার ঘটেছে।
বিজ্ঞাপন
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ও নৌবাহিনীর ক্যাপ্টেন টিম হকিন্স জানিয়েছেন, আব্রাহাম লিঙ্কনে অবস্থান করা একটি এফ-৩৫সি যুদ্ধবিমান ড্রোনটিকে লক্ষ্যভেদ করে ধ্বংস করে।
তিনি বলেন, ড্রোনটি জাহাজের দিকে অগ্রসর হচ্ছিল এবং আঘাত হানার আগেই সেটি ভূপাতিত করা হয়। এ ঘটনায় কোনো হতাহতের খবর নেই।
বিজ্ঞাপন
ইরানের তাসনিম নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির একটি সামরিক ড্রোন নিয়ন্ত্রণ হারিয়ে আরব সাগরের আকাশে উড়ছিল এবং পরে মার্কিন নৌবাহিনী সেটি গুলি করে নামায়। তবে কী কারণে ড্রোনটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
ড্রোন ভূপাতিতের বিষয়টি নিশ্চিত হওয়ার পর আন্তর্জাতিক সংবাদ সংস্থা জাতিসংঘে ইরানের মিশনের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
গত জানুয়ারির শুরুতে ইরানে সরকারবিরোধী আন্দোলন জোরালো হওয়ার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ইন্দো-প্রশান্ত অঞ্চল থেকে একটি বড় নৌবহর মধ্যপ্রাচ্যের দিকে পাঠায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মোতায়েন করা ওই বহরে ইউএসএস আব্রাহাম লিঙ্কনও রয়েছে। বর্তমানে নৌবহরটি আরব সাগর এলাকায় অবস্থান করছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন:
এ ঘটনার সময়েই ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে তুরস্কের ইস্তাম্বুলে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে একটি বৈঠকের প্রস্তুতি চলছে। শুক্রবার ওই আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে প্রায় দুই দশক ধরে উত্তেজনা বিরাজ করছে।








