এমপিদের পেনশন বাতিল করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকে এমপিদের পেনশন বা অবসরকালীন ভাতা বাতিল করেছেন। এখন থেকে কোনো সাবেক এমপি বা প্রয়াত এমপির স্ত্রী পেনশন পাবেন না।
বিজ্ঞাপন
গতকাল মঙ্গলবার এই ঘোষণা দেন বিচার বিষয়ক মন্ত্রী হরসানা নানায়াক্কারা। পার্লামেন্টে বক্তব্যে তিনি বলেন, “জনগণ যখন টেলিভিশনে পার্লামেন্টে এমপিদের বিতর্ক দেখছে, তারা মনে করছে এমপিরা পেনশন পাওয়ার যোগ্য নন।”
একই দিন পার্লামেন্টে এমপিদের পেনশন বাতিল সংক্রান্ত বিল উত্থাপিত হয়ে পাস হয়েছে। পার্লামেন্টের ২২৫টি আসনের মধ্যে ১৫৪ জন সদস্য বিলের পক্ষে ভোট দিয়েছেন।
বিজ্ঞাপন
শ্রীলঙ্কার অর্থনীতি করোনা মহামারি এবং বিদেশি মুদ্রার রিজার্ভ তলানির কারণে ২০২১ সাল থেকে সংকটে রয়েছে। দেশ এখনও সম্পূর্ণভাবে মহামারিপূর্ব অর্থনৈতিক অবস্থায় ফিরে আসতে পারেনি। এই পরিস্থিতিতে ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন বামপন্থি নেতা অনুরা কুমারা দিশানায়েকে। দায়িত্ব গ্রহণের পর তিনি এমপিদের আবাসন, যানবাহন এবং দেহরক্ষীর সুবিধা বাতিল করেছেন, এবার বাতিল হলো পেনশন।
বিরোধীদলীয় নেতা সাজিথ প্রেমাদাসা বিলটির বিরোধিতা করেছেন। তিনি বলেন, “পেনশন আইনপ্রণেতাদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করে। এটি বাতিল হলে এমপিরা দ্বিধাহীনভাবে দুর্নীতি করতে শুরু করতে পারে।”








