যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, ইরানের নতুন সর্বোচ্চ নেতার প্রত্যাখ্যান

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা প্রশমন বা যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা। তার দাবি, মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে তেহরানের কাছে এসব প্রস্তাব পাঠানো হয়েছিল।
বিজ্ঞাপন
প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মোজতবা খামেনি সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন। ওই কর্মকর্তা জানান, পররাষ্ট্রনীতিবিষয়ক প্রথম বৈঠকে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিশোধ’ নেওয়ার বিষয়ে কঠোর অবস্থান নেন। তবে বৈঠকে তিনি সরাসরি উপস্থিত ছিলেন কি না, তা নিশ্চিত করা হয়নি।
আলী খামেনির মৃত্যুর পর দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবা খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করে। এরপর ইরানের রেভোল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) তাকে অভিনন্দন জানায় এবং রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে তার প্রতি ‘আজীবন আনুগত্য’ ও সব নির্দেশনা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করে।
বিজ্ঞাপন
এছাড়া ইরানের সশস্ত্র বাহিনীও নতুন সর্বোচ্চ নেতার প্রতি সমর্থন জানিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত বিবৃতিতে মোজতবা খামেনিকে ‘ন্যায়পরায়ণ, জ্ঞানী, ধর্মপ্রাণ ও বিচক্ষণ’ হিসেবে উল্লেখ করা হয়। বিশেষজ্ঞ পরিষদ তাকে নির্বাচিত করে প্রজ্ঞার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করা হয়।








