আমিরাতে ঈদের নামাজ মসজিদের ভেতরেই আদায়ের নির্দেশ

সংযুক্ত আরব আমিরাতে চলতি বছর ঈদুল ফিতরের নামাজ মসজিদের ভেতরে আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে। খোলা মাঠ বা উন্মুক্ত ঈদগাহে নামাজ আদায় না করার ঘোষণা দিয়েছে দেশটির ইসলামিক বিষয়াবলি, ওয়াক্ফ ও যাকাত বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
এক বিবৃতিতে জানানো হয়, এই সিদ্ধান্ত পুরো দেশের জন্য প্রযোজ্য হবে। প্রচলিত নিয়ম অনুযায়ী খোলা স্থানে ঈদের জামাত আয়োজন করা হবে না বলেও স্পষ্ট করা হয়েছে।
কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, নামাজের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং জননিরাপত্তা বজায় রাখতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুসল্লিদের নিজ নিজ এলাকার মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায়ের জন্য অনুরোধ জানানো হয়েছে।








