এবার মার্কিন রণতরীতে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিংকনে কোস্টাল ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান। বুধবার (২৫ মার্চ) ইরানের সেনাবাহিনীর বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভিতে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সশস্ত্র বাহিনী মার্কিন রণতরীর দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। একই সঙ্গে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, নৌবাহিনীর কর্মকর্তাদের উদ্ধৃত করে এ অভিযান পরিচালনার কথা নিশ্চিত করা হয়েছে।
ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি জানান, মার্কিন রণতরী অ্যাব্রাহাম লিংকনের চলাচল নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে। এটি ইরানের ক্ষেপণাস্ত্রের পরিসরে এলে লক্ষ্যবস্তুতে আঘাত হানার প্রস্তুতি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
বিজ্ঞাপন
ইরনার প্রতিবেদনে আরও বলা হয়, উপকূলীয় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো রণতরী গ্রুপের দিকে নিক্ষেপ করা হয়, যার ফলে তারা অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়।
তবে এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এর আগে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানে হামলার অভিযোগ এবং পাল্টা প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে হামলা-পাল্টা হামলার ঘটনা অব্যাহত রয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।








