এবার ইরানকে নতুন হুমকি দিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

হরমুজ প্রণালি দ্রুত উন্মুক্ত না করলে ইরানের জ্বালানি স্থাপনাগুলোর ওপর বড় ধরনের হামলা চালানো হতে পারে—এমন হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিজ্ঞাপন
সোমবার (৩০ মার্চ) আন্তর্জাতিক গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প সতর্ক করে বলেন, বৈশ্বিক বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ থাকলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে।
তার বক্তব্য অনুযায়ী, সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে ইরানের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলক্ষেত্র এবং খারগ দ্বীপ—যা দেশটির তেল রপ্তানির প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।
ট্রাম্প দাবি করেন, আলোচনায় কিছু অগ্রগতি হয়েছে। তবে সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র বিকল্প কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।
বিজ্ঞাপন
বিশ্লেষকদের মতে, এমন হুমকি মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। কারণ হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট, যেখানে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবহন হয়। ফলে এই অঞ্চলে অস্থিরতা তৈরি হলে বৈশ্বিক বাজারেও বড় ধরনের প্রভাব পড়তে পারে।
বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা থাকলেও সামরিক উত্তেজনা বাড়তে থাকায় তা মধ্যপ্রাচ্যসহ বিশ্ব অর্থনীতির জন্য বড় ঝুঁকি হিসেবে দেখা দিচ্ছে।








