‘ইলন মাস্কের হাত থেকে বাঁচাতে’ কিশোরী মেয়েকে হত্যা করলেন মা

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে, যেখানে এক মা নিজের ১৪ বছর বয়সী কিশোরী মেয়েকে হত্যা করেছেন। ৪১ বছর বয়সী টাইয়াস অনিনস্কি গত ২০ মার্চ নিজেই পুলিশকে ফোন করে হত্যার কথা স্বীকার করেন। ফোনে তিনি শান্ত স্বরে জানান, তার মেয়ে কুরেন রেইন মারা গেছে, তাই অ্যাম্বুলেন্স প্রয়োজন নেই। বরং নিজের জন্য তিনি সাহায্য চান, কারণ আত্মহত্যার চেষ্টা করেছিলেন।
বিজ্ঞাপন
হত্যার কারণ হিসেবে অনিনস্কি দাবি করেন, তিনি মেয়েকে কারো হাত থেকে রক্ষা করতে চেয়েছিলেন এবং সরাসরি ইলন মাস্কের নাম উল্লেখ করেন। তবে এ বিষয়টি ব্যাখ্যা করতে তিনি স্পষ্ট বা যৌক্তিক তথ্য দিতে পারেননি।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে কিশোরীর মরদেহ উদ্ধার করে। ফরেনসিক পরীক্ষায় অনিনস্কির শরীরে এমফিটামিন ও টিএইচসি-এর মতো মাদকের উপস্থিতি পাওয়া গেছে। হাসপাতালে নেওয়ার পর তিনি জানতে চান, খবরের শিরোনামে তার নাম এসেছে কি না, যা ঘটনার রহস্যময়তা আরও বাড়িয়েছে।
বিজ্ঞাপন
অনিনস্কির বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি ইচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছে। তিনি বর্তমানে ১০ লাখ ডলারের নগদ জামিনে কারাগারে রয়েছেন এবং আগামী ১৪ এপ্রিল তাকে আদালতে হাজির করা হবে।
নিহত কিশোরীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনা তাদের জন্য গভীর শোকের। পরিবারের জন্য অন্ত্যেষ্টিক্রিয়া ও সহায়তার তহবিলও খোলা হয়েছে।








