সব দেশকে আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে যাওয়ার আহ্বান ট্রাম্পের

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে সব সদস্য দেশকে বেরিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবারের ভাষণে তিনি আইসিসিকে যুক্তরাষ্ট্রবিরোধী ও নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া একটি প্রতিষ্ঠান হিসেবে আখ্যা দেন।
বিজ্ঞাপন
ট্রাম্প বলেন, আইসিসির প্রতি যুক্তরাষ্ট্রের কোনো সম্মান নেই। তাঁর দাবি, যুক্তরাষ্ট্রের কর্মকর্তা বা নাগরিকদের তদন্ত ও বিচারের এখতিয়ার আদালতটির নেই। তিনি অন্যান্য দেশকেও আইসিসির সদস্যপদ থেকে সরে যাওয়ার আহ্বান জানান।
ট্রাম্পের আইসিসিবিরোধী অবস্থান নতুন নয়। এর আগে তাঁর প্রশাসন আদালটির বিচারক ও প্রসিকিউটরদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। চলতি বছরের আগস্টে আইসিসির প্রেসিডেন্ট তোমোকো আখানে এবং জ্যেষ্ঠ ট্রায়াল আইনজীবী আবদুলায়ে সেয়ের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা দেওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্র কখনো আইসিসির সদস্য হয়নি। ওয়াশিংটনের অভিযোগ, আদালতটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মতো অ-সদস্য দেশের কর্মকর্তাদের বিরুদ্ধে এখতিয়ার ছাড়িয়ে পদক্ষেপ নিচ্ছে। অন্যদিকে আইসিসির সমর্থকদের বক্তব্য, আদালতটির সদস্য রাষ্ট্রগুলোর ভূখণ্ডে সংঘটিত আন্তর্জাতিক অপরাধের ক্ষেত্রে নির্দিষ্ট পরিস্থিতিতে এখতিয়ার রয়েছে।
বিজ্ঞাপন
গাজা যুদ্ধের প্রেক্ষাপটে ২০২৪ সালের নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তৎকালীন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। এর আগে ইউক্রেন যুদ্ধের ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালতটি।
এদিকে জাতিসংঘে দেওয়া বক্তব্যে ট্রাম্প ইরান প্রসঙ্গেও কঠোর অবস্থান তুলে ধরেন। তিনি ইরানকে বড় হুমকি হিসেবে উল্লেখ করে দেশটিকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না দেওয়ার কথা বলেন। একই সঙ্গে নিজের প্রশাসনের বিভিন্ন সামরিক পদক্ষেপের প্রশংসা করে দাবি করেন, অন্যরা যেখানে শান্তির কথা বলেছে, তিনি সেখানে শান্তি প্রতিষ্ঠায় পদক্ষেপ নিয়েছেন।








