হরমুজে টোল ইস্যুতে ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বিদেশি জাহাজ থেকে টোল আদায়ের বিষয়টি নিয়ে ইরানকে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে বৈশ্বিক জ্বালানি বাজারে শিগগিরই তেলের সরবরাহ স্বাভাবিক হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে এ বিষয়ে একাধিক পোস্ট দেন ট্রাম্প। প্রথম পোস্টে তিনি বলেন, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে ইরান টোল নিচ্ছে—এমন খবর পাওয়া যাচ্ছে। তারা যেন এটি না করে এবং যদি ইতোমধ্যে করে থাকে, তবে দ্রুত তা বন্ধ করার আহ্বান জানান।
দ্বিতীয় পোস্টে তিনি মন্তব্য করেন, হরমুজ প্রণালিতে তেলবাহী জাহাজগুলোর সঙ্গে ইরানের আচরণ অগ্রহণযোগ্য ও অসম্মানজনক। তার দাবি, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে যুদ্ধবিরতির চুক্তি হয়েছে, সেখানে এ ধরনের কোনো শর্ত ছিল না।
বিজ্ঞাপন
তৃতীয় পোস্টে ট্রাম্প বলেন, ইরান সহযোগিতা করুক বা না করুক, খুব দ্রুত হরমুজ প্রণালিতে তেলের প্রবাহ স্বাভাবিক হয়ে আসবে।
এর আগে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের তথ্যের ভিত্তিতে আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়, হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোকে আগাম টোল পরিশোধ করতে হবে। এই অর্থ ক্রিপ্টোকারেন্সি বা চীনের মুদ্রা ইউয়ানে পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময়কালজুড়ে এই ব্যবস্থা চালু থাকবে।
এছাড়া তেলবাহী জাহাজের ক্ষেত্রে প্রতি ব্যারেল তেলের জন্য ১ ডলার হারে টোল নির্ধারণ করা হয়েছে বলে ইরানের বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন।
বিজ্ঞাপন
সূত্র: এএফপি








