Logo

হরমুজ প্রণালিতে টোল বসাল ইরান, পরিশোধে লাগবে চীনা মুদ্রা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ এপ্রিল, ২০২৬, ১২:৩৯
হরমুজ প্রণালিতে টোল বসাল ইরান, পরিশোধে লাগবে চীনা মুদ্রা
ছবি: সংগৃহীত

টানা ৪০ দিনের সংঘাত শেষে ইরান ও যুক্তরাষ্ট্র ১৫ দিনের সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই সময়ের জন্য গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে টোল নির্ধারণ করেছে তেহরান।

বিজ্ঞাপন

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, প্রণালিটি ব্যবহার করতে হলে আগাম টোল পরিশোধ করতে হবে। এ অর্থ দিতে হবে ক্রিপ্টোকারেন্সি বা চীনের মুদ্রা ইউয়ানে।

মার্কিন গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতির পুরো সময়জুড়েই এই টোল ব্যবস্থা কার্যকর থাকবে। অন্য একটি প্রতিবেদনে ইরানের এক বাণিজ্য প্রতিনিধি জানান, প্রতি ব্যারেল তেলের জন্য জাহাজগুলোকে ১ ডলার করে টোল দিতে হবে। তবে যেসব জাহাজে কোনো পণ্য থাকবে না, সেগুলোর জন্য কোনো ফি প্রযোজ্য হবে না।

বিজ্ঞাপন

এই হিসাবে বড় আকারের সুপার ট্যাংকারগুলোকে হরমুজ প্রণালি অতিক্রম করতে কয়েক মিলিয়ন ডলার পর্যন্ত টোল গুনতে হতে পারে।

ইরানের নির্দেশনা অনুযায়ী, প্রণালি পার হওয়ার আগে জাহাজ কোম্পানিগুলোকে ইমেইলের মাধ্যমে আগাম নোটিশ দিতে হবে এবং জাহাজের বিস্তারিত তথ্য সরবরাহ করতে হবে। অনুমোদন দেবে ইরানি কর্তৃপক্ষ। টোল পরিশোধ করতে হবে প্রণালিতে প্রবেশের আগেই, এবং তা গ্রহণ করা হবে শুধুমাত্র বিটকয়েন ও ইউয়ানে।

এছাড়া জাহাজগুলোকে ইরানের উপকূল ঘেঁষে নির্ধারিত পথে চলতে হবে, বিশেষ করে কাশেম ও লারেক দ্বীপপুঞ্জের মধ্যবর্তী এলাকা দিয়ে।

বিজ্ঞাপন

ইরান জানিয়েছে, তাদের মিত্র দেশগুলোর জাহাজ সহজে এই পথ ব্যবহার করতে পারবে। তবে শত্রুভাবাপন্ন দেশের জাহাজের ক্ষেত্রে বিলম্ব ঘটতে পারে বা তাদের প্রবেশে বাধা দেওয়া হতে পারে।

ক্রিপ্টোকারেন্সি ও ইউয়ানে টোল নির্ধারণের পেছনে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর আরোপিত আর্থিক নিষেধাজ্ঞা বড় কারণ হিসেবে দেখা হচ্ছে। ডলারে লেনদেন কঠিন হওয়ায় বিকল্প হিসেবে এই পদ্ধতি বেছে নিয়েছে তেহরান। ক্রিপ্টোকারেন্সি সহজে শনাক্ত করা যায় না এবং ইউয়ানে লেনদেন করলে পশ্চিমা ব্যাংকিং ব্যবস্থার ওপর নির্ভরতা কমে।

বিজ্ঞাপন

আঞ্চলিক সূত্র জানিয়েছে, ইউয়ানে টোল আদায় ইতোমধ্যে শুরু করেছে ইরান। এই সিদ্ধান্ত উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD