Logo

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ স্থগিত করল ইরান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১০ এপ্রিল, ২০২৬, ১৩:০৭
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ স্থগিত করল ইরান
ছবি: সংগৃহীত

ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত সংলাপ স্থগিত করেছে ইরান—এমন দাবি করেছে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট।

বিজ্ঞাপন

প্রতিবেদনে ইসরায়েলি সংবাদমাধ্যম কান-এর বরাত দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধবিরতির আলোচনায় লেবাননকেও অন্তর্ভুক্ত করতে চায় তেহরান। একই সঙ্গে লেবাননের সরকারি কর্মকর্তারাও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি সংলাপে অংশ নিতে প্রস্তুত রয়েছেন বলে দাবি করা হয়েছে।

এর আগে জানানো হয়েছিল, যুদ্ধবিরতিকে স্থায়ী সমাধানের দিকে নিতে আজ শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের সরকারি প্রতিনিধিদের মধ্যে সংলাপ হওয়ার কথা ছিল। গতকাল বৃহস্পতিবার পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, ইরানি প্রতিনিধিরা বৃহস্পতিবার রাতেই ইসলামাবাদের উদ্দেশে রওনা হবেন। তবে পরবর্তীতে সেই পোস্টটি মুছে ফেলেন তিনি।

বিজ্ঞাপন

এখন পর্যন্ত ইরান বা যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধির ইসলামাবাদে পৌঁছানোর তথ্য নিশ্চিত হয়নি।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি থেকে টানা ৪০ দিন যুদ্ধের পর যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েলের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। এই যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তি চুক্তিতে রূপ দিতে আলোচনা শুরুর কথা ছিল।

এরই মধ্যে গত ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পরদিন ৮ এপ্রিল লেবাননে ভয়াবহ বিমান হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় ২৫৪ জন নিহত এবং ১ হাজার ১০০ জন আহত হন বলে জানা যায়। নিহত ও আহতদের বড় অংশই বেসামরিক নাগরিক।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD