হরমুজ প্রণালিতে ২০ কোটি ডলার মূল্যের মার্কিন নজরদারি ড্রোন নিখোঁজ

হরমুজ প্রণালির আকাশে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি নজরদারি ড্রোন নিখোঁজ হয়েছে। এমকিউ–৪সি ট্রাইটন নামের ড্রোনটি উড়ন্ত অবস্থায় হঠাৎ জরুরি সংকেত পাঠানোর পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর আগে এটি তিন ঘণ্টার একটি নজরদারি মিশন শেষ করে ইতালির নেভাল এয়ার স্টেশন সিগোনেলা ঘাঁটিতে ফেরার পথে ছিল।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, ড্রোনটি ‘কোড ৭৭০০’ বা সাধারণ জরুরি অবস্থার সংকেত পাঠানোর পর দ্রুত উচ্চতা হারাতে শুরু করে এবং নিচে নামতে থাকে। এ সময় এটি সামান্য ইরানের দিকে মোড় নেয় বলে উল্লেখ করা হয়েছে। এরপরই সেটি রাডার থেকে হারিয়ে যায়।
ড্রোনটি বিধ্বস্ত হয়েছে নাকি ভূপাতিত করা হয়েছে—এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
ঘটনাটি এমন সময় ঘটল, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি চুক্তির মাত্র দুই দিন পেরিয়েছে। ওই চুক্তির আওতায় ইরান হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের পথ পুনরায় চালু করতে সম্মত হয়েছিল বলে জানা গেছে।
এমকিউ–৪সি ট্রাইটন যুক্তরাষ্ট্রের অন্যতম ব্যয়বহুল সামরিক নজরদারি ড্রোন, যার মূল্য ২০ কোটি মার্কিন ডলারের বেশি। এটি দীর্ঘ সময় ধরে বিশাল সমুদ্র অঞ্চলে নজরদারি চালাতে সক্ষম এবং পি-৮এ পসিডন টহল বিমানের জন্য ‘আকাশের চোখ’ হিসেবে কাজ করে।
উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের আওতায় এসব ড্রোন নিয়মিতভাবে মোতায়েন থাকে।
বিজ্ঞাপন
সূত্র: এনডিটিভি








