Logo

বিমানের আসনে শহীদ শিশুদের ছবি, যে বার্তা দিলেন ইরানের স্পিকার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১১ এপ্রিল, ২০২৬, ১১:৩৬
বিমানের আসনে শহীদ শিশুদের ছবি, যে বার্তা দিলেন ইরানের স্পিকার
ছবি: সংগৃহীত

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় যোগ দিতে যাওয়ার পথে একটি প্রতীকী ছবি শেয়ার করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন।

বিজ্ঞাপন

তেহরান থেকে ইসলামাবাদগামী বিমানের ভেতর থেকে তোলা ওই ছবিতে দেখা যায়, ফাঁকা আসনগুলোতে সাজিয়ে রাখা হয়েছে গত ২৮ ফেব্রুয়ারি মিনাবের শাজারে তাইয়্যেবা প্রাথমিক বিদ্যালয়ে হামলায় নিহত শিশু শিক্ষার্থীদের ছবি। পাশাপাশি রয়েছে তাদের স্কুল ব্যাগ, জুতো ও অন্যান্য ব্যক্তিগত জিনিসপত্র।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) ছবিটি পোস্ট করে গালিবাফ লিখেছেন, “এই ফ্লাইটে আমার সফরসঙ্গীরা, মিনাব ১৬৮”। এর মাধ্যমে তিনি যুদ্ধের প্রথম দিনে মিনাবে নিহত ১৬৮ জনের (যাদের অধিকাংশই শিশু শিক্ষার্থী) প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

বিজ্ঞাপন

ইরানি কর্তৃপক্ষের অভিযোগ, যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের হামলায় ওই দিন মিনাবের বালিকা বিদ্যালয়ে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে শতাধিক শিশুসহ মোট ১৬৮ জন নিহত হয়। ইরান এই হামলাকে ‘পূর্বপরিকল্পিত’ বলে বর্ণনা করেছে, যদিও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এটিকে সম্ভাব্য ‘টার্গেটিং ত্রুটি’ হিসেবে দেখা হয়েছে।

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার মাঝে গালিবাফের এই পোস্টকে অনেকে শক্তিশালী রাজনৈতিক বার্তা হিসেবে দেখছেন। নিহত শিশুদের স্মৃতি বিমানের আসনে স্থান দিয়ে ইরানি প্রতিনিধিদল যেন যুদ্ধের ভয়াবহতা ও ন্যায়বিচারের দাবিকে সামনে নিয়ে এসেছেন।

বিজ্ঞাপন

ছবিতে শুধু ছবি নয়, রক্তাক্ত ব্যাগ ও ফুলও দেখা গেছে, যা পুরো ঘটনাকে আরও আবেগঘন করে তুলেছে। এই প্রতীকী সফরকে ‘মিনাব ১৬৮’ নামেও উল্লেখ করা হচ্ছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী ইরানের মিনাবে একটি প্রাথমিক বিদ্যালয়েও হামলা চালায়। তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই ইরানের পার্লামেন্ট স্পিকারের এমন পোস্ট বলে প্রতিবেদনে বলা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD