ইসলামাবাদে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমানো এবং একটি টেকসই শান্তি চুক্তির পথ খুঁজতে পাকিস্তানের মধ্যস্থতায় আয়োজিত গুরুত্বপূর্ণ সংলাপে অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
বিজ্ঞাপন
শনিবার (১১ এপ্রিল) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স ও আল জাজিরা এই তথ্য জানিয়েছে। ইসলামাবাদে অবতরণের পরপরই কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে মার্কিন প্রতিনিধিদের নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয়।
এই সংলাপকে ঘিরে বিশ্বজুড়ে ব্যাপক কৌতূহল ও প্রত্যাশা তৈরি হয়েছে, কারণ দীর্ঘ সংঘাতের পর সরাসরি আলোচনার টেবিলে বসছে ওয়াশিংটন ও তেহরান।
বিজ্ঞাপন
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশনায় এই বিশেষ মিশনে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গী হয়েছেন দুই অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব। তারা হলেন—প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা ও জামাতা জ্যারেড কুশনার। মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ায় কুশনারের পূর্ব অভিজ্ঞতা এই আলোচনায় বিশেষ গুরুত্ব বহন করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
এর আগে, শুক্রবার মধ্যরাতে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলটিও পাকিস্তানে এসে পৌঁছায়। ইরানের এই দলের নেতৃত্বে রয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তবে তেহরান থেকে রওনা দেওয়ার আগেই তারা পরিষ্কার করে জানিয়েছিলেন তাদের আটকে পড়া সম্পদ অবমুক্তকরণ এবং লেবানন পরিস্থিতি এই আলোচনার অন্যতম প্রধান শর্ত হবে।
বিজ্ঞাপন
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সরকারি বাসভবনে এই রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আলোচ্যসূচির শীর্ষে থাকছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক রাখা এবং ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো।








