ইসলামাবাদে ঐতিহাসিক বৈঠক, কী পরিস্থিতি এখন শহরে

ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান উত্তেজনা প্রশমনে ঐতিহাসিক এক উচ্চপর্যায়ের সংলাপকে ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এখন আন্তর্জাতিক নজরের কেন্দ্রে। দীর্ঘদিনের বৈরিতা কাটিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি আলোচনার আয়োজনকে ঘিরে পুরো শহরকে কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার দিবাগত রাতে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফের নেতৃত্বে উচ্চপর্যায়ের প্রতিনিধি দল ইসলামাবাদের নূর খান বিমানঘাঁটিতে পৌঁছায়। সেখানে তাদের স্বাগত জানান পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার এবং সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।
অন্যদিকে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি ইসলামাবাদে পৌঁছায় আজ (শনিবার) সকালে। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের সরকারি বিমান এয়ারফোর্স ২-তে চেপে গতকাল শুক্রবার ওয়াশিংটন থেকে রওনা হয় মার্কিন প্রতিনিধি দলটি। দলে ভ্যান্স ও অন্যান্য মার্কিন কর্মকর্তাদের পাশাপাশি আছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার।
বিজ্ঞাপন
মার্কিন প্রতিনিধি দলের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক দিন আগেই সি-১৭ কার্গো বিমানে করে সাঁজোয়া যান ও আধুনিক নিরাপত্তা সরঞ্জাম ইসলামাবাদে আনা হয়। জানা গেছে, সফরকালীন সময়ে তারা নিজস্ব বিশেষ নিরাপত্তা বাহিনী ও যানবাহন ব্যবহার করবেন।

কঠোর নিরাপত্তার মধ্যে ইসলামাবাদ
সংলাপ উপলক্ষে আজ ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে রাজপথগুলো অন্য দিনের তুলনায় অনেকটাই ফাঁকা। গুরুত্বপূর্ণ ‘রেড জোন’ এলাকাটি সম্পূর্ণ ব্লক করে দিয়েছে প্রশাসন। রেড জোনের পরিধি বাড়িয়ে এর আওতাভুক্ত সব ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস বন্ধ রাখা হয়েছে। এই গুরুত্বপূর্ণ এলাকার নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে সরাসরি সেনাবাহিনীকে। বিমানবন্দর থেকে রেড জোন পর্যন্ত মহাসড়কগুলোতে সাধারণ যান চলাচল বন্ধ করে কড়া পাহারা বসানো হয়েছে।
বিজ্ঞাপন
ঐতিহাসিক এই মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে শহরের বিভিন্ন পয়েন্টে ‘ইসলামাবাদ টকস’ সংবলিত ব্যানার ও ফেস্টুন শোভা পাচ্ছে। জিন্নাহ কনভেনশন সেন্টারে এই আলোচনার মূল আসর বসবে। সেখানে বড় পর্দাসহ সাংবাদিকদের জন্য বিশেষ মিডিয়া সেন্টার স্থাপন করা হয়েছে।
যুক্তরাষ্ট্র ইরানের এই বৈঠক ঘিরে সারা বিশ্বের নজর এখন ইসলামাবাদের দিকে। যুক্তরাষ্ট্র, ইরানসহ বিভিন্ন দেশের শত শত সংবাদকর্মী এই সংলাপ কভার করতে পাকিস্তানে জড়ো হয়েছেন। পাকিস্তান সরকারের পক্ষ থেকে বিদেশি সাংবাদিকদের জন্য অন-অ্যারাইভাল ভিসার বিশেষ সুবিধা দেওয়া হয়েছে। তবে নিরাপত্তা কড়াকড়ির কারণে অনেক সাংবাদিক বিড়ম্বনায় পড়েছেন। রেড জোনের হোটেলগুলোতে অতিরিক্ত ভাড়া এবং প্রবেশের সীমাবদ্ধতা নিয়ে কেউ কেউ অভিযোগ তুলেছেন। একজন মার্কিন সাংবাদিক জানিয়েছেন, হোটেলের কাছে চিত্রধারণের উপযুক্ত একটি জায়গার জন্য তাদের কাছ থেকে দিনে ২৫ হাজার ডলার পর্যন্ত দাবি করা হয়েছে।
বিজ্ঞাপন
কূটনৈতিক উদ্যোগে নতুন অধ্যায়
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের এর আমন্ত্রণ ও মধ্যস্থতায় দুই সপ্তাহের যুদ্ধবিরতির পর এই সংলাপ শুরু হচ্ছে। রেড জোনের বাইরে জনজীবন স্বাভাবিক থাকলেও শহরজুড়ে সাধারণ মানুষের মধ্যে এই বৈঠক নিয়ে ব্যাপক কৌতূহল দেখা গেছে।
তবে সড়ক বন্ধ ও চলাচল নিয়ন্ত্রণের কারণে সাধারণ মানুষের দুর্ভোগও বাড়ছে। রেড জোনের ভেতরে ব্যক্তিগত গাড়ি ব্যবহার ও ভিডিও ধারণে কঠোর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
বিজ্ঞাপন
সব মিলিয়ে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে পাকিস্তানের এই কূটনৈতিক উদ্যোগ কতটা সফল হবে—সে দিকেই এখন তাকিয়ে আছে বিশ্ব।








