আমাদের সদিচ্ছা আছে, তেমন আস্থা নেই : ঘালিবাফ

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনা ও সম্ভাব্য যুদ্ধ পরিস্থিতির অবসানে নির্ধারিত সংলাপে অংশ নিতে সদিচ্ছা নিয়েই ইসলামাবাদে পৌঁছেছে ইরানের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। তবে আলোচনায় অংশ নিলেও যুক্তরাষ্ট্রের প্রতি পূর্ণ আস্থার ঘাটতি রয়েছে বলে স্পষ্ট জানিয়েছেন প্রতিনিধি দলের প্রধান।
বিজ্ঞাপন
ইরানি প্রতিনিধি দলটির নেতা এবং দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ এ তথ্য জানিয়েছেন। ইসলামাবাদে পৌঁছানোর পর ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ঘালিবাফ বলেন, “এই সংলাপের ব্যাপারে আমাদের পূর্ণ সদিচ্ছা আছে, তবে তেমন আস্থা নেই। কারণ দুর্ভাগ্যবশত, এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের যত সংলাপ হয়েছে— প্রতিটিই ব্যর্থতা এবং চুক্তিভঙ্গের মধ্যে দিয়ে শেষ হয়েছে।”
“এমনকি, এক বছরেরও কম সময়ের মধ্যে দু’বার, আলোচনার মাঝপথে, ইরানের সদিচ্ছা থাকা সত্ত্বেও তারা আমাদের লক্ষ্য করে হামলা করেছে এবং অসংখ্য যুদ্ধাপরাধ সংঘটিত করেছে।”
বিজ্ঞাপন
তবে যুক্তরাষ্ট্র যদি সত্যিই সংলাপের ব্যাপারে আন্তরিকতা দেখায়— তাহলে ইরানও সমঝোতা চুক্তিক স্বাক্ষরে প্রস্তুত আছে বলে জানিয়েছেন ঘালিবাফ। এ প্রসঙ্গে তাসনিম নিউজকে তিনি বলেছেন, “আসন্ন আলোচনায় যুক্তরাষ্ট্র যদি সত্যিকার একটি চুক্তি স্বাক্ষর এবং ইরানের জনগণের অধিকার অনুমোদন করতে প্রস্তুত থাকে, তাহলে তারা চুক্তিতে আসার ব্যাপারে আমাদের প্রস্তুতিও দেখতে পাবে।”
তবে আলোচনার আড়ালে কোনো ধরনের অসৎ উদ্দেশ্য বা বিভ্রান্তিমূলক পদক্ষেপ নেওয়া হলে ইরান কঠোর জবাব দেবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, চলমান পরিস্থিতিতে ইরান ইতোমধ্যে নিজেদের সক্ষমতা প্রদর্শন করেছে এবং প্রয়োজনে নিজেদের অধিকার রক্ষায় আরও কঠোর অবস্থান নেওয়ার প্রস্তুতিও রয়েছে।
আরও পুড়ন: ইসলামাবাদে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল
বিজ্ঞাপন
এদিকে সংলাপে যোগ দিতে ওয়াশিংটন থেকে পাকিস্তানে পৌঁছেছে জে ডি ভ্যান্সের নেতৃত্বাধীন মার্কিন প্রতিনিধি দলটিও। আজ শনিবার সকালে মার্কিন প্রতিনিধি দলের সদস্যদের বহনকারী বিমানটি ইসলামাবাদে অবতরণ করেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
সব মিলিয়ে দুই দেশের এই উচ্চপর্যায়ের সংলাপকে ঘিরে আন্তর্জাতিক মহলে যেমন প্রত্যাশা রয়েছে, তেমনি সন্দেহ ও অনিশ্চয়তাও প্রবলভাবে দেখা যাচ্ছে।
সূত্র : আনাদোলু এজেন্সি
বিজ্ঞাপন








