ভিসা নিয়মে বড় পরিবর্তন আনল ভারত

ভারতে দীর্ঘমেয়াদে অবস্থানরত বিদেশি নাগরিকদের জন্য অভিবাসন নিয়মে বড় ধরনের পরিবর্তন এনেছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নতুন সংশোধিত ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫ অনুযায়ী, এখন থেকে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই নিবন্ধন সম্পন্ন করতে হবে—আগের মতো সময়সীমা শেষে অতিরিক্ত সুযোগ আর থাকছে না।
বিজ্ঞাপন
সোমবার (১ জুন) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, যেসব বিদেশি নাগরিক ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসায় ভারতে অবস্থান করছেন, তাদের অবশ্যই ১৮০ দিনের সময়সীমা শেষ হওয়ার আগেই নিবন্ধন করতে হবে।
আগের নিয়মে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর আরও ১৪ দিনের মধ্যে নিবন্ধনের সুযোগ ছিল। তবে নতুন নিয়মে সেই ছাড় বাতিল করা হয়েছে।
বিজ্ঞাপন
ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, এ পরিবর্তনের উদ্দেশ্য হলো বিদেশি নাগরিকদের অবস্থান আরও কার্যকরভাবে নজরদারি করা এবং অভিবাসন ব্যবস্থাকে আরও নিয়ন্ত্রিত ও স্বচ্ছ করা।
নতুন নিয়মে শুধু স্বল্পমেয়াদি ভিসাধারীরাই নন, যেসব বিদেশির ভিসার মেয়াদ ১৮০ দিনের বেশি হলেও একটানা অবস্থান ১৮০ দিনের সীমা অতিক্রম করতে পারে না—তারাও এ নিয়মের আওতায় পড়বেন। কোনো ব্যক্তি যদি এক সফরে বা এক ক্যালেন্ডার বছরে ১৮০ দিনের বেশি ভারতে থাকতে চান, তাহলে তাদেরও আগেভাগে নিবন্ধন বাধ্যতামূলক।
এছাড়া স্পষ্টভাবে জানানো হয়েছে, বিশেষ অনুমতি ছাড়া ১৮০ দিনের বেশি সময় অবস্থানের সুযোগ সীমিত থাকবে। ফলে দীর্ঘমেয়াদি অবস্থান বা অতিরিক্ত সময় থাকার অনুমোদন পাওয়াও কঠিন হবে।
বিজ্ঞাপন
নতুন প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ভারতে বিদেশি নাগরিকদের সন্তান জন্ম নিলে আগের মতো সব ক্ষেত্রে বাধ্যতামূলক রিপোর্টিংয়ের নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে। যদি শিশুর বাবা বা মা দুজনের একজন ভারতীয় নাগরিক হন এবং সন্তান ভারতীয় নাগরিকত্ব বজায় রাখতে চান, তাহলে আলাদা করে জন্ম নিবন্ধনের বাধ্যবাধকতা থাকবে না।
তবে ভবিষ্যতে কোনো শিশু যদি ভারতে অবস্থানকালে অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করে, তাহলে সংশ্লিষ্ট অভিভাবককে ৩০ দিনের মধ্যে কর্তৃপক্ষকে জানাতে হবে।
বিজ্ঞাপন
চিকিৎসা সেবা প্রদানকারী হাসপাতাল ও নার্সিং হোমসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্যও অভিবাসন তথ্য সংরক্ষণ ও রিপোর্টিং প্রক্রিয়ায় কিছু হালনাগাদ নিয়ম যুক্ত করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের মাধ্যমে ভারত সরকার বিদেশি নাগরিকদের অবস্থান আরও কঠোরভাবে পর্যবেক্ষণ করতে চাইছে। পাশাপাশি ভিসা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও প্রশাসনিক নিয়ন্ত্রণ বাড়ানোই এই সংশোধনের মূল লক্ষ্য।
নতুন নিয়ম কার্যকর হওয়ায় এখন থেকে ভারতে অবস্থানরত বিদেশিদের আগেভাগেই নিবন্ধন সম্পন্ন করতে হবে, অন্যথায় আইনি জটিলতায় পড়ার ঝুঁকি তৈরি হতে পারে।








