আইআরজিসির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে বাহরাইনে আটক ১৫

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততার অভিযোগে বাহরাইনে ১৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার (৪ জুন) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাহরাইন নিউজ এজেন্সি (বিএনএ) এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
প্রতিবেদন অনুযায়ী, জাতীয় নিরাপত্তা রক্ষায় পরিচালিত বিশেষ অভিযানে এসব ব্যক্তিকে আটক করা হয়। বাহরাইনের গোয়েন্দা সংস্থাগুলো দাবি করেছে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত শুরুর পর দেশটিতে ইরান-সমর্থিত একটি গুপ্তচর নেটওয়ার্কের কার্যক্রম শনাক্ত করা হয়। গ্রেপ্তার হওয়া ১৫ জন ওই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত বলে অভিযোগ করা হয়েছে।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আটক ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন এবং বিভিন্ন উসকানিমূলক ভিডিও ও কনটেন্ট প্রকাশের মাধ্যমে জনগণকে ইরানের পক্ষে যুদ্ধে অংশ নেওয়ার আহ্বান জানাতেন। একই সঙ্গে তারা অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার জন্য লোকজনকে প্রভাবিত ও সংগঠিত করার চেষ্টা করছিলেন বলেও দাবি করা হয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম ফ্লিটের সদর দপ্তর অবস্থিত। গত ফেব্রুয়ারিতে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত শুরুর পর থেকে ওই মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। বাহরাইনের দাবি, সর্বশেষ তিন দিন আগে আইআরজিসি দেশটির দিকে তিনটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
এসব ঘটনার পরিপ্রেক্ষিতেই সন্দেহভাজনদের বিরুদ্ধে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে বাহরাইনের কর্তৃপক্ষ।
বিজ্ঞাপন
সূত্র: গালফ নিউজ








