ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির আভাসে কমল তেলের দাম

ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকরের সম্ভাবনা জোরালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। বিশ্লেষকদের মতে, এ অগ্রগতি মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনের পাশাপাশি ইরানকে ঘিরে চলমান সংকট নিরসনেও ইতিবাচক বার্তা দিচ্ছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬৭ সেন্ট বা ০ দশমিক ৬৯ শতাংশ কমে ৯৭ দশমিক ১৪ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ৬২ সেন্ট বা ০ দশমিক ৬৫ শতাংশ কমে দাঁড়ায় ৯৫ দশমিক ৪০ ডলারে।
তবে এর আগের দিন ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৭৪ ডলারে উঠেছিল। এদিকে মার্কিন ডলারের বিপরীতে জাপানি ইয়েনের বিনিময় হার ১৬০ ইয়েনের কাছাকাছি পৌঁছালে সম্ভাব্য সরকারি হস্তক্ষেপের আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা দেখা যায়।
বিজ্ঞাপন
শেয়ারবাজারে মিশ্র প্রবণতা লক্ষ্য করা গেছে। যুক্তরাষ্ট্রের এসঅ্যান্ডপি ৫০০ ফিউচার প্রায় স্থিতিশীল থাকলেও ইউরোপীয় বাজারের ফিউচার সামান্য কমেছে। অন্যদিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতকে ঘিরে আশাবাদের কারণে এশিয়ার বেশ কয়েকটি বাজারে ঊর্ধ্বমুখী ধারা অব্যাহত রয়েছে। জাপান ও তাইওয়ানের প্রধান শেয়ার সূচক নতুন উচ্চতায় পৌঁছেছে। দক্ষিণ কোরিয়ার বাজার এদিন বন্ধ ছিল।
গত সপ্তাহে ইরান ও যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির লক্ষ্যে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছানোর কথা জানালেও এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়নি।
বিজ্ঞাপন
এদিকে বৈশ্বিক অনিশ্চয়তার প্রভাবে ক্রিপ্টোকারেন্সি বাজারেও বড় ধরনের চাপ দেখা গেছে। বিশ্বের সবচেয়ে বড় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন টানা তিনটি সেশনে প্রায় ১০ শতাংশ মূল্য হারিয়ে দুই মাসের মধ্যে সর্বনিম্ন ৬৬ হাজার ১২৩ ডলারে নেমে এসেছে।








