আবারও উত্তাল ভারতের মণিপুর

ভারতের মণিপুর রাজ্যে আবারও সহিংসতার ঘটনা ঘটেছে। নতুন করে সংঘটিত হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন। পাশাপাশি বহু ঘরবাড়িতে আগুন ধরিয়ে দেওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এ ঘটনায় রাজ্যটিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (৫ জুন) ভোরে মণিপুরের কাংপোকপি জেলার নিউ কেথিলেমানবি এলাকার লোইবোল গ্রামে এই হামলার ঘটনা ঘটে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ভোর আনুমানিক ৪টা ১০ মিনিটের দিকে ভারী অস্ত্রে সজ্জিত একদল অজ্ঞাত হামলাকারী গ্রামটিতে প্রবেশ করে। এরপর তারা নির্বিচারে গুলিবর্ষণ শুরু করে। আকস্মিক এ হামলায় গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি শুরু করেন।
বিজ্ঞাপন
গুলিবর্ষণের পাশাপাশি হামলাকারীরা একাধিক বাড়িঘরে আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় বেশ কয়েকটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। এতে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় পুলিশ নিহত তিনজনের পরিচয় নিশ্চিত করেছে। তারা হলেন লেটখোঙ্গাম হাওকিপ, টিনমারি হাওকিপ এবং জংমিনলাল হাওকিপ। হামলার সময়ই তাদের মৃত্যু হয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ঘটনার খবর পাওয়ার পর নিরাপত্তা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে হামলাকারীরা এর আগেই এলাকা ছেড়ে পালিয়ে যায়। ফলে এখন পর্যন্ত কাউকে আটক বা শনাক্ত করা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
কারা এ হামলার সঙ্গে জড়িত এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত শুরু করেছে নিরাপত্তা বাহিনী। এখন পর্যন্ত কোনো সশস্ত্র সংগঠন বা গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি।
উল্লেখ্য, মণিপুরে জাতিগত সংঘাতের সূত্রপাত ঘটে ২০২৩ সালে। সেই সংঘাতের রেশ এখনো পুরোপুরি কাটেনি। মাঝেমধ্যে সহিংসতার বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সাম্প্রতিক এই হামলা পরিস্থিতিকে আবারও অস্থির করে তুলেছে।
বিজ্ঞাপন
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভয়াবহ এই হামলার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। অনেকেই নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং এলাকায় নিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং নতুন কোনো সহিংসতা এড়াতে হামলাপ্রবণ এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোটা এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সূত্র: এনডিটিভি








