Logo

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণা ও তীব্র গরমে ৫০ জনের মৃত্যু

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
৫ জুন, ২০২৬, ১৯:২৯
সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণা ও তীব্র গরমে ৫০ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

আফ্রিকার দেশ নাইজারের সাহারা মরুভূমিতে ভয়াবহ মানবিক বিপর্যয়ের ঘটনা ঘটেছে। মরুভূমির প্রত্যন্ত এলাকায় একটি ট্রাক বিকল হয়ে পড়ার পর তীব্র গরম ও পানির অভাবে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় মরুভূমির মধ্যে আটকা পড়ে পানিশূন্যতা ও প্রচণ্ড তাপমাত্রার সঙ্গে লড়াই করতে না পেরে তারা প্রাণ হারান।

বিজ্ঞাপন

তবে এই মর্মান্তিক ঘটনায় অলৌকিকভাবে বেঁচে যান দুজন, যাদের সাহসী পদক্ষেপের কারণেই ঘটনাটি প্রকাশ্যে আসে। তারা মরুভূমির তপ্ত বালুর ওপর দিয়ে প্রায় ৫০ কিলোমিটার হেঁটে লোকালয়ে এসে প্রশাসনকে খবর দিলে বিষয়টি জানাজানি হয়। 

ফরাসি সংবাদমাধ্যম ফ্রান্স ২৪ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৪ জুন) নাইজারের আগাদেজ অঞ্চলের গভর্নর কার্যালয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে ঘটনার সত্যতা নিশ্চিত করে। স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, নিহতরা প্রতিবেশী দেশ মালি থেকে একটি মুসলিম ধর্মীয় উৎসবে অংশ নিয়ে নিজ গন্তব্যে ফিরছিলেন।

যাত্রাপথে নাইজার ও আলজেরিয়া সীমান্তবর্তী আসামাকা শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে সাহারা মরুভূমির গভীরে তাদের বহনকারী ট্রাকটি যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে যায়। দুর্গম ওই এলাকায় কোনো জনবসতি বা পানির উৎস না থাকায় যাত্রীরা চরম বিপদের মুখে পড়েন।

গভর্নর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ট্রাকটির চালক, সহকারী এবং যাত্রীরা মিলে বহু চেষ্টা করেও গাড়িটি মেরামত করতে পারেননি। এদিকে তাদের সঙ্গে থাকা পানি ধীরে ধীরে শেষ হয়ে যায়। তীব্র তাপদাহ এবং পানির চরম সংকটের কারণে মরুভূমির বৈরী পরিবেশে আটকে পড়া মানুষগুলোর বেঁচে থাকার সম্ভাবনা দ্রুত ক্ষীণ হয়ে আসে।

বিজ্ঞাপন

মরুভূমির সেই এলাকায় প্রচণ্ড গরমের মধ্যে কোনো ধরনের আশ্রয় বা পানির উৎস না থাকায় যাত্রীদের জীবন রক্ষা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে এবং মরুভূমিতেই তাদের গণকবর দেওয়া হয়।

ভয়াবহ এই ঘটনা থেকে কোনো রকমে বেঁচে ফেরা দুজনের বিষয়ে প্রশাসন জানিয়েছে, জীবন বাঁচাতে তারা পায়ে হেঁটে দীর্ঘ ৫০ কিলোমিটার পথ পাড়ি দেন। মরুভূমির চরম উত্তাপের মধ্যে হেঁটে প্রথমে তারা একটি পানির উৎসের সন্ধান পান। পরে সেখান থেকে আসামাকা শহরে পৌঁছে স্থানীয় কর্তৃপক্ষকে পুরো বিষয়টি খুলে বলেন।

বিজ্ঞাপন

আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশ থেকে ইউরোপে যাওয়ার জন্য অভিবাসীদের অন্যতম প্রধান রুট হিসেবে ব্যবহার করা হয় সাহারা মরুভূমির এই অঞ্চলটি। মানব পাচারকারীরা প্রায়ই এই পথ ব্যবহার করে থাকে। প্রচণ্ড দাবদাহ, ধূলিঝড় আর জল-খাবারের অভাবে প্রায়ই এই দুর্গম মরুভূমিতে অভিবাসী ও সাধারণ যাত্রীদের মৃত্যুর ঘটনা ঘটে বলে জানান স্থানীয় বিশেষজ্ঞরা।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD