নিজের ৯৭তম জন্মদিনের আনন্দঘন পার্টিতে মৃত্যু হলো বৃদ্ধের

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের ৯৭তম জন্মদিনের পার্টিতে নাচ-গান ও আনন্দ-উল্লাসে মেতে থাকার সময় মারা গেছেন ভিটো নামের এক বৃদ্ধ। প্রিয়জনদের সঙ্গে জন্মদিন উদযাপনের একপর্যায়ে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে তার মৃত্যু হয়।
বিজ্ঞাপন
ভিটোর প্রতিবেশী এডেন মেলিনোফ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গত সপ্তাহে নিজের জন্মদিন উপলক্ষে হ্যালোইন থিমে একটি পার্টির আয়োজন করেছিলেন ভিটো।
এডেনের ভাষ্য অনুযায়ী, মৃত্যুর দিনও তার সঙ্গে দীর্ঘায়ু হওয়ার রহস্য নিয়ে কথা হয়েছিল। কীভাবে এত দীর্ঘ সময় সুস্থভাবে বেঁচে থাকা সম্ভব, ভিটোর কাছে তা জানতে চেয়েছিলেন তিনি। জবাবে ভিটো বলেছিলেন, দীর্ঘদিন বাঁচতে চাইলে কম দামের মদ পান করা উচিত নয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এডেন আরও জানান, জন্মদিনের অনুষ্ঠানে অতিথিরা যখন একসঙ্গে ভিটোর জন্য ‘হ্যাপি বার্থডে’ গান গাইছিলেন, ঠিক তখনই হঠাৎ পড়ে যান তিনি। এরপর সেখানেই তার মৃত্যু হয়। ওই সময় ভিটো মদ পান করেননি বলেও উল্লেখ করেন এডেন।
বিজ্ঞাপন
বন্ধুর আকস্মিক মৃত্যুতে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়ে এডেন মেলিনোফ বলেন, “দুর্ভাগ্যজনকভাবে, ওই রাতটি প্রত্যাশিতভাবে শেষ হয়নি। আর ভিটো যেন নাটকীয়ভাবে বিদায় নিলেন। আমার মনে হয় তাকে জিজ্ঞেস করলে তিনি এভাবেই হয়তো বিদায় নিতে পছন্দ করতেন। মৃত্যুর সময় তার আশপাশে ছিল তাকে ভালোবাসা মানুষরা। আমরা তার পুরো বর্ণাঢ্য জীবনটা উদযাপন করছিলাম। আর আমি এটির অংশ হতে পেরে গর্বিত।”
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিটোর জন্মদিন উদযাপনের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায়, ৯৭ বছর বয়সেও অন্য অতিথিদের সঙ্গে প্রাণবন্তভাবে নাচছেন তিনি। বয়সের ভার যেন তার আনন্দ-উচ্ছ্বাসে কোনো বাধা হয়ে দাঁড়ায়নি।
সূত্র: এনডিটিভি








