বয়স ৯০, তবুও বডিবিল্ডিংয়ে চ্যাম্পিয়ন জাপানের কানাজাওয়া

বয়স ৯০ বছর, তবুও বডিবিল্ডিং থেকে অবসর নেননি জাপানের তশিসুকে কানাজাওয়া। সম্প্রতি অল জাপান মাস্টার্স ফিটনেস চ্যাম্পিয়নশিপের ৮৫ বছর ও তার বেশি বয়সী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। এর মধ্য দিয়ে নিজের ১৯তম জাতীয় শিরোপা জিতেছেন এই বডিবিল্ডার। দীর্ঘদিনের কঠোর শরীরচর্চা, শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন ও নিরামিষ খাদ্যাভ্যাসকে নিজের সাফল্যের অন্যতম কারণ হিসেবে দেখেন তিনি।
বিজ্ঞাপন
৫০ বছর বয়সে আবার প্রতিযোগিতামূলক বডিবিল্ডিংয়ে ফেরার পর থেকেই মাংস ও মাছ খাওয়া পুরোপুরি বন্ধ করে দেন কানাজাওয়া। তার প্রতিদিনের খাদ্যতালিকায় থাকে সহজ ও পরিচিত বিভিন্ন খাবার। সকালের নাশতায় তিনি খান ব্রাউন রাইস, নাট্টো ও মিসো স্যুপ।
সয়াবিন থেকে তৈরি নাট্টো এবং মিসো স্যুপের মাধ্যমে উদ্ভিজ্জ প্রোটিনের চাহিদা পূরণ করেন তিনি। দুপুর ও রাতের খাবারেও ব্রাউন রাইস তার খাদ্যতালিকার অন্যতম প্রধান খাবার। এর সঙ্গে ভাতের ওপর ছিটিয়ে খাওয়া জনপ্রিয় জাপানি মসলা ফুরিকাকে খান তিনি। পাশাপাশি দিনে তিনবার প্রোটিন ড্রিংক পান করেন এই বডিবিল্ডার।

কানাজাওয়ার খাদ্যতালিকায় জটিল বা বিলাসী খাবারের পরিবর্তে সহজলভ্য ও পরিচিত খাবারই বেশি গুরুত্ব পায়। দীর্ঘদিন ধরে একই ধরনের ড্রিংক পান করেন এই বডিবিল্ডার। তার খাদ্যতালিকায় কোনো জটিল বা বিলাসী খাবার না থেকে বরং সহজ ও পরিচিত খাবারই প্রাধান্য পায়।
বিজ্ঞাপন
৩৪ বছর বয়সে প্রতিযোগিতামূলক বডিবিল্ডিং থেকে সরে দাঁড়ালেও পঞ্চাশ বছর বয়সে তিনি আবার এই খেলায় ফেরেন। অসুস্থ স্ত্রী স্বামীর খেলায় অংশ নেওয়া দেখে আনন্দ পেতেন বলেই তিনি মূলত আবার শুরু করেছিলেন। পরে তার স্ত্রী মারা গেলেও তিনি বডিবিল্ডিং চালিয়ে যান। এছাড়া হলিউড তারকা ও বডিবিল্ডার আর্নল্ড শোয়ার্জনেগারকে তিনি কয়েক দশক ধরে আদর্শ হিসেবে মেনে চলছেন।

এখনো অবসর নেওয়ার কোনো চিন্তা নেই তার। বিশ্ব চ্যাম্পিয়নশিপের ষাট বছর ও তার বেশি বয়সী বিভাগে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। দীর্ঘদিনের স্বপ্ন হলিউড তারকা আর্নল্ড শোয়ার্জনেগারের সঙ্গে দেখা করা। কানাজাওয়া জানান, বয়স বাড়া এমন একটি বিষয়, যা কেউ নিয়ন্ত্রণ করতে পারে না। তিনি শুধু খাদ্যাভ্যাস ও প্রশিক্ষণের মাধ্যমে বয়স বাড়ার প্রক্রিয়াকে ধীর করার চেষ্টা করে যাচ্ছেন। এমনকি ১৩০ বছর বয়স পর্যন্ত বেঁচে থাকার লক্ষ্যও রয়েছে তার।
তবে চিকিৎসকদের মতে, কানাজাওয়ার এই জীবনযাপন থেকেই সবার জন্য একই ফলাফল আশা করা ঠিক নয়। শুধু নিরামিষ খাবার বা শরীরচর্চাই দীর্ঘায়ুর নিশ্চয়তা দেয় না। জেনেটিক্স, দীর্ঘদিনের প্রশিক্ষণ এবং জীবনযাত্রার নানা বিষয় বয়স ও স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে। কানাজাওয়ার ক্ষেত্রে দীর্ঘদিনের শৃঙ্খলা ও ধারাবাহিক খাদ্যাভ্যাস তার এই সাফল্যের বড় অংশ।
বিজ্ঞাপন
সূত্র: গার্ডিয়ান








