Logo

ইউক্রেনে রুশ ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:৩২
ইউক্রেনে রুশ ড্রোন হামলায় ইসরায়েলি কিশোরসহ নিহত ৫
ছবি: সংগৃহীত

ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ ড্রোন হামলায় ইসরায়েলি এক কিশোরসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৪ বছর বয়সী কিশোরটির পরিচয় প্রকাশ পেয়েছে। তার নাম ড্যানিয়েল ওমানস্কি। খবর টাইমস অব ইসরায়েলের।

বিজ্ঞাপন

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে মধ্য কিয়েভের একটি আবাসিক ভবনে ড্রোন হামলায় ড্যানিয়েল নিহত হন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই হামলাকে একেবারেই বর্বর ও জঘন্য বলে মন্তব্য করেছেন।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কিয়েভে দেশটির দূতাবাস এবং বিদেশে বিপদে পড়া ইসরায়েলিদের সহায়তার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিস্থিতি কেন্দ্র নিহত কিশোরের পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছে। প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার জন্য তারা প্রস্তুত বলেও জানানো হয়েছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো জানিয়েছেন, দিনের বেলায় শহরের একটি অফিস ভবনে পৃথক হামলার ঘটনায় একটি পার্কিং এলাকায় চারজনের মরদেহ পাওয়া গেছে। তিনি বলেন, শুক্রবারের হামলায় মোট ৪৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

রয়টার্সকে কিয়েভের ২৯ বছর বয়সী বাসিন্দা আন্না বলেন, ধারাবাহিক হামলার কারণে তার মনে হচ্ছে তিনি যেন বন্দুকের নিশানার নিচে বসবাস করছেন। তিনি বলেন, প্রতিদিন সকালে তার অ্যালার্ম ঘড়ি হলো একটি শাহেদ ড্রোন। কয়েক সপ্তাহ ধরে প্রায় অবিরাম কিয়েভে হামলা চালানো ড্রোনগুলোকে বোঝাতে তিনি শাহেদ নামটি ব্যবহার করেন।

২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে বেসামরিক নাগরিকদের ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া।

বিজ্ঞাপন

জাতিসংঘ শুক্রবার জানিয়েছে, ইউক্রেনে তাদের পর্যবেক্ষণ মিশন সেপ্টেম্বরে হামলায় অন্তত ২০০ বেসামরিক নাগরিক নিহত হওয়ার তথ্য নথিভুক্ত করেছে। এসব হামলায় ‘বাড়িঘর, হাসপাতাল, দোকান ও কর্মস্থল’ ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতভর চালানো ড্রোন হামলায় ইউক্রেনের প্রতিরক্ষা শিল্পের স্থাপনা, সরবরাহ ও পরিবহনকেন্দ্র এবং ইউক্রেনীয় বাহিনীর ব্যবহৃত নৌযানগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

এদিকে রাশিয়ার ভূখণ্ডেও ইউক্রেনের হামলা অব্যাহত রয়েছে। ইউক্রেনের একটি ড্রোন হামলার পর রাশিয়ার রোস্তভ অঞ্চলের নভোশাখতিনস্ক তেল শোধনাগারে কার্যক্রম বন্ধ হয়ে যায়। জেলেনস্কি ওই হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ইউক্রেন পার্ম অঞ্চলের একই ধরনের একটি স্থাপনা এবং উলিয়ানভস্কের একটি প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে।

বিজ্ঞাপন

সূত্র : টাইমস অব ইসরায়েল ও রয়টার্স

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD