বাংলাদেশ-রাশিয়ার নতুন এক সমঝোতা স্মারক স্বাক্ষর

রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চলমান দ্বাদশ সেইন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইউনাইটেড কালচারস ফোরামের আয়োজনে বাংলাদেশ সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় ও রুশ ফেডারেশনের মধ্যে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে এতে স্বাক্ষর করেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।
সমঝোতা স্মারকের আওতায় দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, ঐতিহ্য সংরক্ষণ, শিল্প-সংস্কৃতি, জাদুঘর, প্রত্নতত্ত্ব ও সৃজনশীল কর্মকাণ্ডে সহযোগিতা সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যাশা করা হচ্ছে।
এর আগে মিয়ানমারের ধর্ম ও সংস্কৃতিমন্ত্রী ইউ টিন ও লুইন বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বৌদ্ধ ঐতিহ্য, সাংস্কৃতিক যোগসূত্র ও অভিন্ন ঐতিহাসিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
সাক্ষাৎকালে বাংলাদেশের হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য, প্রত্নতাত্ত্বিক সম্পদ, বাংলা নববর্ষসহ বিভিন্ন লোকজ উৎসব, পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি এবং বাংলা সংগীতের বিভিন্ন ধারার কথা তুলে ধরেন সংস্কৃতি মন্ত্রী।
বিজ্ঞাপন
ফোরামের দ্বিতীয় দিন শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ‘ফোক আর্টিসান ক্রাফটওয়ার্ক রিবুটেড’ শীর্ষক অধিবেশনে মূল বক্তব্য দেবেন নিতাই রায় চৌধুরী। সেখানে তিনি বাংলাদেশের লোকশিল্প ও কারুশিল্পের পুনর্জাগরণ এবং ঐতিহ্যবাহী হস্তশিল্পের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরবেন।
এদিকে শুক্রবার বিকেলে অনুষ্ঠিতব্য ফোরামের প্লেনারি সেশনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত থাকবেন বলে আয়োজকদের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।
সংস্কৃতি মন্ত্রীর নেতৃত্বে তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল গত ২২ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করে। প্রতিনিধি দলে সংস্কৃতি মন্ত্রণালয়ের দুই যুগ্মসচিবও রয়েছেন।
বিজ্ঞাপন
২৪ থেকে ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠেয় আন্তর্জাতিক এই ফোরামে বাংলাদেশের অংশগ্রহণের মাধ্যমে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে সাংস্কৃতিক কূটনীতি ও দ্বিপক্ষীয় সহযোগিতা আরও বিস্তৃত করার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।








