Logo

ইমরান খানের দলের কর্মসূচি ঘিরে ইসলামাবাদে নজিরবিহীন নিরাপত্তা

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:০৭
ইমরান খানের দলের কর্মসূচি ঘিরে ইসলামাবাদে নজিরবিহীন নিরাপত্তা
ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের কর্মসূচি কেন্দ্র করে রাজধানী ইসলামাবাদে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আগামী রবিবার (২৭ সেপ্টেম্বর) ইমরান খানের মুক্তির দাবিতে পার্লামেন্টের দিকে মিছিল করার পরিকল্পনা রয়েছে দলটির। এই কর্মসূচিকে সামনে রেখে সরকার নগরীকে কার্যত অবরুদ্ধ করে ফেলেছে।

বিজ্ঞাপন

নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে প্রায় এক হাজার মালবাহী কনটেইনার বসিয়ে শক্তিশালী ব্যারিকেড তৈরি করা হয়েছে। রবিবার কর্মসূচি মোকাবিলায় ২২ হাজারের বেশি নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। ইতোমধ্যে রাজধানীর প্রবেশপথের প্রধান মহাসড়ক ও অভ্যন্তরীণ সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার সঙ্গে ইসলামাবাদের গুরুত্বপূর্ণ যোগাযোগপথও সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে।

একইসঙ্গে ইসলামাবাদে দুই মাসের জন্য জরুরি বিধিনিষেধ জারি করা হয়েছে। এই আদেশের আওতায় পাঁচ বা তার বেশি মানুষের জমায়েত, যেকোনো ধরনের সমাবেশ এবং জনসমক্ষে বিক্ষোভ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। পাঞ্জাব সরকার রাওয়ালপিন্ডিসহ চারটি জেলায় অতিরিক্ত নিরাপত্তার জন্য আধাসামরিক বাহিনী রেঞ্জার্স মোতায়েনের অনুরোধ জানিয়েছে। কর্মসূচির আগে মোবাইল ফোন ও ইন্টারনেট সেবা সীমিত বা বন্ধ রাখারও অনুরোধ করা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইমরান খানের দল অবশ্য সরকারের এসব পদক্ষেপের সমালোচনা করেছে। পিটিআইয়ের চেয়ারম্যান গওহর আলী খান বলেছেন, এসব ক্ষমতা ব্যবহার করে শান্তিপূর্ণ প্রতিবাদ করার সাংবিধানিক অধিকার সীমিত করা হচ্ছে। তিনি দাবি করেন, ইসলামাবাদে প্রবেশের পর তাদের কর্মসূচি শান্তিপূর্ণ ও উৎসবমুখর হবে।

ইমরান খান বর্তমানে দুর্নীতির একটি মামলায় ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছেন। তার পরিবার ও আইনজীবীরা অভিযোগ করেছেন, কারাগারে তাকে অমানবিক পরিবেশে রাখা হয়েছে।

তাদের দাবি, দিনের প্রায় ২৩ ঘণ্টা তাকে প্রাকৃতিক আলোবিহীন ছোট একটি কক্ষে থাকতে হয় এবং অন্য বন্দীদের সঙ্গে যোগাযোগের সুযোগও সীমিত। তবে পাকিস্তানি কর্তৃপক্ষ এসব অভিযোগ অস্বীকার করেছে।

বিজ্ঞাপন

ইমরান খানের রাজনৈতিক কর্মসূচিতে কনটেইনার ব্যবহারের ইতিহাসও রয়েছে। ২০২২ সালের একটি বিক্ষোভ মিছিলে তিনি এমন একটি কনটেইনারের ওপর দাঁড়িয়ে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় বন্দুকধারীর হামলায় আহত হয়েছিলেন।

এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের একটি প্রতিনিধিদল পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আলোচনার জন্য করাচিতে অবস্থান করছে। রোববারের কর্মসূচির পর সোমবার তাদের ইসলামাবাদে যাওয়ার কথা রয়েছে। তবে রাজধানীর পরিস্থিতি স্বাভাবিক থাকলেই এই সফর সম্ভব হবে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে পাকিস্তানের দ্য নিউজ জানিয়েছে।

সূত্র:ব্লুমবার্গ/এনডিটিভি

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD