Logo

‘ফ্যাসিবাদী শাসন’ চলছে পাকিস্তানে, সোচ্চার হওয়ার আহ্বান ইমরান খানের ছেলের

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৩৪
‘ফ্যাসিবাদী শাসন’ চলছে পাকিস্তানে, সোচ্চার হওয়ার আহ্বান ইমরান খানের ছেলের
ছবি: সংগৃহীত

পাকিস্তানে বিরোধী দলের ঘোষিত মহাসমাবেশ ও লং মার্চকে ঘিরে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পরিবারের সদস্য এবং দলীয় নেতাকর্মীদের ওপর ‘নজিরবিহীন দমনপীড়নের’ অভিযোগ তুলে এর তীব্র সমালোচনা করেছেন তার বড় ছেলে সুলেমান খান।

বিজ্ঞাপন

পাকিস্তানের ক্ষমতাসীন জোটকে ‘স্বৈরাচারী ও ফ্যাসিবাদী’ হিসেবে আখ্যায়িত করে এর বিরুদ্ধে পশ্চিমা বিশ্বকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

লন্ডনে অবস্থানরত ২৯ বছর বয়সী সুলেমান খান সংবাদমাধ্যম দ্য ইনডিপেনডেন্টকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, মধ্যরাতে কোনো কারণ ছাড়াই পরিবারের নারী সদস্যদের তুলে নিয়ে যাওয়া অত্যন্ত লজ্জাজনক। তার দাবি, এ ঘটনা পাকিস্তানে একটি ফ্যাসিবাদী শাসনব্যবস্থা চলার সুস্পষ্ট প্রমাণ।

রবিবারের লং মার্চ ঠেকানোর অজুহাতে সম্প্রতি লাহোরে ইমরান খানের তিন বোন- আলিমা খান, উজমা খান ও নোরিন নিয়াজিসহ বেশ কয়েকজন আত্মীয় এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআইয়ের শত শত নেতাকর্মীকে আটক করে পুলিশ।

বিজ্ঞাপন

পাঞ্জাব পাবলিক অর্ডার রক্ষাসংক্রান্ত এমপিও আইনের আওতায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে কারাগারে ইমরান খানের সঙ্গে যে আচরণ করা হয়েছে, তাকে ‘অমানবিক ও অবৈধ’ বলে বর্ণনা করেন সুলেমান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইমরান খানের আরেক ছেলে কাশিম খান লিখেছেন, পরিবারের সদস্যদের গ্রেপ্তার করে কিংবা সহিংসতার হুমকি দিয়ে ২৫ কোটি মানুষের একটি দেশকে স্তব্ধ করা যাবে না। কোনো শাসনব্যবস্থাই জনগণের চেয়ে শক্তিশালী নয়।

বিজ্ঞাপন

অধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়া বিষয়ক উপ-আঞ্চলিক পরিচালক বাবু রাম পন্থ এক বিবৃতিতে বলেন, ২৭ সেপ্টেম্বরের শান্তিপূর্ণ সমাবেশের আগেই সরকার যেভাবে দমনপীড়ন চালাচ্ছে তা বেআইনি।

কেবল রাজনৈতিক পরিচয় ও পরিবারের সদস্য হওয়ার কারণে গ্রেপ্তার সবাইকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান তিনি।

রোববারের প্রতিবাদ মিছিল যেন কোনোভাবেই রাজধানীতে ঢুকতে না পারে, সে জন্য নজিরবিহীন নিরাপত্তাবলয় গড়ে তুলেছে পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইসলামাবাদে ঢোকার সবকটি প্রধান মহাসড়কে অন্তত ২ হাজার শিপিং কনটেইনার বসিয়ে পথ আটকে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

একই সঙ্গে রাজধানীতে ২২ হাজার, অ্যাটক জেলায় ৩০ হাজার এবং পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডিতে আরও ৯ হাজার অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি পিটিআই নেতাদের হুঁশিয়ার করে বলেছেন, শহর কয়েক দিনের জন্য অচল করে দেওয়া হবে। এমন নাটক করে কিছু অর্জন করা যাবে না। নিজেদের ও দলীয় কর্মীদের বিপদে না ফেলে বিকল্প পথ বেছে নিন।

এদিকে ড্রপসাইট নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সম্ভাব্য ‘ব্যাপক হতাহতের ঘটনা’ সামলাতে ইসলামাবাদের হাসপাতালগুলোকে প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

সরকারের এমন কঠোর অবস্থানের পরও লং মার্চ থেকে পিছু না হটার ঘোষণা দিয়েছে পিটিআই।

দলটির জ্যেষ্ঠ নেতা জুলফিকার আলি বুখারি বলেন, আমরা শতভাগ প্রস্তুতি নিয়ে মাঠে নামছি। আন্দোলন কেবল এক দিনে সীমাবদ্ধ থাকবে না, এটি দীর্ঘায়িত হতে পারে।

ইনডিপেনডেন্ট লিখেছে, ৭৩ বছর বয়সী ইমরান খান ২০২৩ সালের অগাস্ট থেকে কারাগারে বন্দি রয়েছেন। দুর্নীতি ও রাষ্ট্রীয় উপহার সংক্রান্ত পৃথক দুই মামলায় তাকে যথাক্রমে ১৪ বছর ও ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

দীর্ঘ বন্দিদশায় তার স্বাস্থ্যের মারাত্মক অবনতি ঘটেছে, বিশেষ করে ডান চোখে গুরুতর সমস্যা দেখা দিয়েছে বলে স্বজনদের দাবি।

তবে কারাগারে ইমরান খানের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ বরাবরের মতই অস্বীকার করে আসছে পাকিস্তান সরকার।

গত আগস্টে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে কারাগার থেকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিলেন। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

বিজ্ঞাপন

পিটিআই নেতাদের দাবি, আদালতের নির্দেশ অমান্য এবং দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের ওপর নির্যাতনের প্রতিবাদে আয়োজিত এই লং মার্চের মাধ্যমে দেশজুড়ে আন্দোলন আরও জোরদার করা হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD