Logo

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৩১
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চান পাকিস্তানের প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরিফ। বৈঠকে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও গভীর ও বহুমুখী করার বিষয়ে নিজেদের আগ্রহের কথা জানান দুই নেতা।

বিজ্ঞাপন

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি এবং দুই দেশের জনগণের কল্যাণে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়েও মতবিনিময় করেন তারা।

বৈঠক শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, দুই নেতা বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতে সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন তারা।

বিবৃতিতে শেহবাজ শরিফ বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক আরও গভীর করার বিষয়ে তার সরকারের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানও দুই দেশের সম্পর্কের ইতিবাচক গতিতে সন্তোষ প্রকাশ করে তা আরও জোরদারে তার সরকারের আগ্রহের কথা জানান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

দুই দেশের ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়েও আলোচনা হয়েছে। এর মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, শিক্ষা, পর্যটন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়গুলো রয়েছে।

এ ছাড়া আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন দুই প্রধানমন্ত্রী। জাতিসংঘসহ বহুপক্ষীয় ফোরামে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রাখার গুরুত্বের ওপরও জোর দেওয়া হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব নেওয়ায় বাংলাদেশকে অভিনন্দন জানান শেহবাজ শরিফ। একই সঙ্গে জাতিসংঘের লক্ষ্য এগিয়ে নিতে বাংলাদেশের উদ্যোগের প্রতি পাকিস্তানের সমর্থনের কথাও জানান তিনি।

বিজ্ঞাপন

বৈঠকে বাংলাদেশের পক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান উপস্থিত ছিলেন। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারসহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে অনুষ্ঠিত এই বৈঠকটি তারেক রহমান ও শেহবাজ শরিফের মধ্যে প্রথম দ্বিপক্ষীয় বৈঠক হিসেবে অনুষ্ঠিত হলো। দুই দেশের সরকারি বিবৃতিতে সম্পর্কের ক্ষেত্রে নিয়মিত সংলাপ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD