Logo

সৌদিকে সহায়তায় জরুরি বৈঠকে বসছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:০৯
সৌদিকে সহায়তায় জরুরি বৈঠকে বসছে সৌদি, তুরস্ক ও পাকিস্তান
ছবি: সংগৃহীত

ইয়েমেন থেকে সৌদি আরবে ধারাবাহিক হামলার মধ্যে দেশটিকে সহায়তার উপায় নিয়ে জরুরি বৈঠকে বসতে যাচ্ছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান। তিন দেশের যৌথ প্রতিরক্ষা চুক্তির আওতায় চিফ অব স্টাফ পর্যায়ে এই বৈঠক আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, নিউইয়র্কে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দার এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের বৈঠকের পর সামরিক পর্যায়ের জরুরি বৈঠকের সিদ্ধান্ত হয়। তবে বৈঠকটি কবে অনুষ্ঠিত হবে এবং সৌদি আরবকে কী ধরনের সহায়তা দেওয়া হতে পারে, তা এখনো জানানো হয়নি।

গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় তিন দেশের নেতারা ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। পাশাপাশি প্রতিরক্ষা সহযোগিতার বিভিন্ন দিক আরও জোরদারের কথা বলা হয়েছে।

চুক্তি বাস্তবায়নে এরই মধ্যে তিন দেশ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। গত ৩১ আগস্ট ইস্তাম্বুলে পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী ও সামরিক প্রধানদের অংশগ্রহণে ‘কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সৌদি আরবে একটি সচিবালয় প্রতিষ্ঠা এবং সামরিক সহযোগিতা আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিউইয়র্কের বৈঠকে সৌদি আরবের মক্কাসহ বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় সাম্প্রতিক হামলার নিন্দা জানানো হয়। একই সঙ্গে জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী সৌদি আরবের আত্মরক্ষার অধিকারের কথাও পুনর্ব্যক্ত করা হয়।

এই কূটনৈতিক তৎপরতার মধ্যে সৌদি আরব ইয়েমেন থেকে নতুন করে হামলার খবর জানিয়েছে। দেশটির দাবি, বৃহস্পতিবার তায়েফ ও ইয়ানবুর দিকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে। অন্যদিকে হুথিরাও সৌদি আরবের বিভিন্ন স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি করেছে।

এর আগে ৯ সেপ্টেম্বর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছিলেন, সৌদি আরবের ওপর হামলা অব্যাহত থাকলে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি সক্রিয় হতে পারে।

বিজ্ঞাপন

তবে নতুন জরুরি সামরিক বৈঠকে তুরস্ক ও পাকিস্তান কী ধরনের সহায়তার বিষয়ে আলোচনা করবে বা সরাসরি সামরিকভাবে যুক্ত হবে কি না, সে বিষয়ে এখনো কোনো বিস্তারিত ঘোষণা আসেনি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD