মক্কার পর সৌদির দুই শহরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই সৌদি আরবের দুটি গুরুত্বপূর্ণ শহর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বৃহস্পতিবার তায়েফ ও ইয়ানবু শহর লক্ষ্য করে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তবে হামলায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। বৃহস্পতিবারের এই হামলা প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে জোটটি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে সৌদি জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বলেন, ‘‘সন্ত্রাসী হুথি গোষ্ঠীর এই উসকানিমূলক কর্মকাণ্ড ও লঙ্ঘন কঠোর হস্তে দমন করা হবে।’’
তবে আকাশে ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করার ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি মালিকি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
হুথিদের নতুন এই হামলার কয়েক ঘ=ণ্টা আগেই ইসলাম ধর্মের পবিত্রতম স্থান মক্কা নগরীসহ সৌদি আরবের বিভিন্ন এলাকায় সম্ভাব্য বিপদের আশঙ্কায় উচ্চ সতর্কতা জারি করা হয়। বৃহস্পতিবার দেশটির জাতীয় আগাম সতর্কীকরণ ব্যবস্থা ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে এ সতর্কতা জারি করা হয়েছিল।
তবে সতর্কবার্তা জারির কয়েক মিনিটের মধ্যেই তা প্রত্যাহার করে নেওয়া হয়। সাম্প্রতিক ঘটনাপ্রবাহে দেখা গেছে, ইরান-সমর্থিত ইয়েমেনের হুথিরা হামলা চালানোর ঠিক আগমুহূর্তে সাধারণত সৌদির এই সতর্কসংকেত সক্রিয় হয়ে ওঠে।
বিজ্ঞাপন
এর আগে গত সপ্তাহে রিয়াদ অভিযোগ করেছিল, ২০১৭ সালের পর প্রথমবারের মতো পবিত্র মক্কা নগরী লক্ষ্য করে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে হুথিরা। সৌদি কর্তৃপক্ষের দাবি, হুথিদের ছোড়া ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়। তবে মক্কা নগরী লক্ষ্য করে হামলার চেষ্টার অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে হুথি।
এর কয়েক দিনের মাথায় ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠী কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো সৌদি রাজধানী রিয়াদে বড় ধরনের হামলা চালায়। এরপর তায়েফ ও ইয়ানবু লক্ষ্য করে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় আরও নতুন মাত্রা যোগ করেছে।
সূত্র: এএফপি।








