Logo

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হলেন পাকিস্তানের নোমান

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৪০
মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব হলেন পাকিস্তানের নোমান
ছবি: সংগৃহীত

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল নোমান মাহমুদকে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞাপন

নোমান মাহমুদ সৌদি আরবের রিয়াদে প্রতিষ্ঠিতব্য চুক্তির সাধারণ সচিবালয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চুক্তির আওতায় গঠিত সচিবালয়ের প্রথম মহাসচিব হিসেবে তিন বছরের জন্য একজন পাকিস্তানি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

নোমান মাহমুদ ২০২১ সালের নভেম্বর থেকে ২০২৩ সালের এপ্রিল পর্যন্ত পাকিস্তানের ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ছিলেন। ১৯৮৭ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেওয়া এই কর্মকর্তা ২০২৩ সালে অবসরে যান।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্ক ২০২৬ সালের ৭ আগস্ট পবিত্র মক্কা নগরীতে ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ সই করে। চুক্তিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান নেতৃত্ব দেন।

বিজ্ঞাপন

কী আছে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, চুক্তিটি প্রতিরক্ষামূলক প্রকৃতির এবং কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে পরিচালিত নয়। এর অন্যতম গুরুত্বপূর্ণ বিধান হলো, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এটি জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদে স্বীকৃত ব্যক্তিগত ও যৌথ আত্মরক্ষার অধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে পাকিস্তান জানিয়েছে।

চুক্তির আওতায় তিন দেশ প্রতিরক্ষা সহযোগিতা, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধি, প্রতিরক্ষা প্রযুক্তি ও গবেষণায় অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ প্রতিরোধব্যবস্থা জোরদারের বিষয়ে কাজ করবে। আগস্টের ইস্তাম্বুল বৈঠকে তিন দেশ প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা, যৌথ প্রযুক্তি উন্নয়ন ও উৎপাদনের বিষয়েও একমত হয়।

বিজ্ঞাপন

আগস্টের ওই বৈঠকে চুক্তির আওতায় সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সৌদি আরবে একটি সচিবালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সচিবালয়ের প্রথম মহাসচিব হিসেবে পাকিস্তানের নোমান মাহমুদের নিয়োগ কার্যকর হলো।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি বর্তমানে তিন দেশের মধ্যেই কার্যকর। ভবিষ্যতে একই ধরনের নিরাপত্তা ও প্রতিরক্ষা স্বার্থে আগ্রহী অন্য দেশগুলোর যোগদানের বিষয়টি অংশীদার দেশগুলোর পরামর্শের ভিত্তিতে বিবেচনা করা হতে পারে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD