Logo

সেতু থেকে ছিটকে পড়ল বিএমডব্লিউ, নিহত ৩

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
২০ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৩৫
সেতু থেকে ছিটকে পড়ল বিএমডব্লিউ, নিহত ৩
ছবি: সংগৃহীত

ভারতের মুম্বাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় সেতু থেকে ছিটকে নিচে পড়ে গেছে একটি দ্রুতগতির বিএমডব্লিউ গাড়ি। এতে গাড়িতে থাকা চারজনের মধ্যে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। দুর্ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২০ সেপ্টেম্বর) ভোরে মুম্বাইয়ের কোস্টাল রোডে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কালো রঙের বিএমডব্লিউটি মেরিন ড্রাইভ থেকে হাজি আলীর দিকে যাচ্ছিল।

ভোরে কোস্টাল রোড দিয়ে যাওয়ার সময় গাড়িটি দ্রুতগতিতে চলছিল। একপর্যায়ে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সেতুর সীমানাপ্রাচীরে ধাক্কা দেয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এরপর সেতুর ওপর থাকা একটি সাইনবোর্ড ভেঙে গাড়িটি নিচে পড়ে যায়।

দুর্ঘটনার সময় সেতুর নিচের এলাকায় গাড়ি পার্কিংয়ের কাজ চলছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উদ্ধারকারী দল। কোস্টাল রোডের নিয়ন্ত্রণকক্ষে ভোর ৫টা ২০ মিনিটের দিকে দুর্ঘটনার খবর আসে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

গাড়িটিতে মোট চারজন ছিলেন। দুর্ঘটনার পর তাদের সবাইকে মুম্বাইয়ের নায়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তিনজনকে মৃত ঘোষণা করেন।

নিহতরা হলেন ২১ বছর বয়সী শনয় গজ্জাল, ১৭ বছর বয়সী ধৈর্য দর্শন শেঠ এবং ১৯ বছর বয়সী আদিত্য জাকাসনিয়া। গাড়ির আরেক যাত্রী ২৩ বছর বয়সী আদিত্য কালপেশ্বর ওসওয়াল গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালের ট্রমা ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় বিএমডব্লিউটির ব্যাপক ক্ষতি হয়েছে। গাড়ির ছাদ ভেতরের দিকে ঢুকে গেছে এবং সামনের কাচ ভেঙে চূর্ণ হয়ে যায়। সামনের অংশ প্রায় পুরোপুরি দুমড়েমুচড়ে গেছে। দুর্ঘটনার সময় গাড়িটি একটি ঝোলানো সাইনবোর্ডও ভেঙে ফেলে।

ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অতিরিক্ত গতি ও চালকের নিয়ন্ত্রণ হারানোর বিষয়টি সামনে এসেছে। তবে গাড়িটি ঠিক কী কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দুর্ঘটনার সময় এর প্রকৃত গতি কত ছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

এ ছাড়া দুর্ঘটনার আগে গাড়িতে থাকা চারজনের গতিবিধি ও অন্যান্য বিষয়ও খতিয়ে দেখছে পুলিশ।

বিজ্ঞাপন

সূত্র: এনডিটিভি

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD